বলিউডে মেধা ও প্রতিভার চেয়েও কখনো কখনো বড় হয়ে দাঁড়ায় পর্দার আড়ালের ‘নোংরা রাজনীতি’ ও ভুল বোঝাবুঝি। সম্প্রতি এমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘কাল হো না হো’ ছবিতে তার কমেডি রসায়ন আজও দর্শক মনে গেঁথে আছে। তবে এই জুটিকে দেখা যেতে পারত আরও একটি ব্লকবাস্টার ছবি ‘ওম শান্তি ওম’-এ। কিন্তু অজ্ঞাত কোনো এক ব্যক্তির ‘ষড়যন্ত্রের’ কারণে সেই সুযোগ হাতছাড়া হয় রাজপালের।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল যাদব জানান, শাহরুখ খান নিজে তার জন্য ‘ওম শান্তি ওম’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র ভেবেছিলেন। অথচ রাজপাল দীর্ঘ সময় জানতেনই না যে তাকে এই ছবিতে নেওয়ার পরিকল্পনা ছিল।
স্মৃতিচারণ করে রাজপাল বলেন, ‘ওম শান্তি ওম’-এর মুক্তির কয়েক বছর পর ‘বিল্লু বারবার’ ছবির শুটিং চলাকালীন জুহি চাওলার ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়। তিনি আমাকে জড়িয়ে ধরে বলেন, ‘শাহরুখ ভাই আপনাকে অনেক পছন্দ করেন। তিনি ‘ওম শান্তি ওম’-এ আপনার জন্য একটি বিশেষ অংশ লিখেছিলেন। কিন্তু শাহরুখ ভাইকে বলা হয়েছিল আপনার কাছে না কি সময় নেই, তাই আপনি ছবিটি করতে রাজি হননি।’
বিজ্ঞাপন
এই কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন রাজপাল যাদব। তিনি তৎক্ষণাৎ তার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, প্রোডাকশন থেকে এমন কোনো প্রস্তাবই তাদের কাছে পৌঁছায়নি।
আক্ষেপ নিয়ে রাজপাল বলেন, ‘আসলে পর্দার আড়ালে কেউ একজন শাহরুখ ভাইয়ের কাছে আমার নামে আজেবাজে কথা বলেছিল। আমাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে আমি সুযোগটা না পাই। শাহরুখ ভাইও আসল সত্য জানতেন না, আমিও না। এটাই বলিউড, এখানে এমন দশ-বিশটা ঘটনা নিয়মিতই ঘটে থাকে।’
তবে অতীতের সেই তিক্ততা ভুলে রাজপাল এখন তার নতুন কাজ নিয়ে ব্যস্ত। দীর্ঘ এক দশক পর পরিচালক প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে তাকে। এই হরর-কমেডিতে আরও থাকছেন তাবু ও পরেশ রাওয়ালের মতো তারকারা। আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তার আগে ১৬ এপ্রিল রাত ৯টা থেকে ছবিটির পেইড প্রিভিউ শুরু হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এমআইকে
