কখনও মমতাময়ী মা, কখনও আদরের বোন, আবার কখনও দুষ্টু-মিষ্টি দাদিমা। প্রায় ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য পার্শ্বচরিত্রে অভিনয় করলেও নিজের মেধা ও গুণে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অপরিহার্য মুখ। তিনি বলিউডের প্রবীণ অভিনেত্রী ফরিদা জালাল।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে ক্যারিয়ারের সাফল্যের চেয়েও কাজের মাধ্যমে অর্জিত সম্মানকে বড় করে দেখিয়েছেন তিনি। ফরিদা জালাল বলেন, ‘আমি সবসময় একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সীমানা অতিক্রম না করেও আমি আজ এই অবস্থানে পৌঁছেছি। আজও আমি কাজ করে যাচ্ছি, দর্শক আমাকে ভালোবাসা দিচ্ছেন। তাহলে কি আমাকে সফল বলা যায় না?’
টাকা উপার্জনের চেয়ে নীতি ও সম্মানের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আসলে ভালো বা খারাপ সব পথেই টাকা উপার্জন করা সম্ভব। কিন্তু সম্মান এবং মর্যাদা সহজে পাওয়া যায় না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’
বিজ্ঞাপন
নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া দুই নির্মাতা করণ জোহর ও আদিত্য চোপড়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো কালজয়ী সিনেমাগুলো তার ক্যারিয়ারে বিশেষ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
এই অভিনেত্রী বলেন, ‘আদিত্য চোপড়া অত্যন্ত প্রতিভাবান এবং করণ জোহর আমার ছেলের মতো। আমি কৃতজ্ঞ যে তারা আমাকে সেসব কাজ করার সুযোগ দিয়েছিলেন। যদিও এখন আমি মাঝেমধ্যে অভিযোগ করি যে, আমাকে আরও বেশি কাজ দেওয়া হয় না কেন।’
ফরিদা জালালের ভাষ্যমতে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বা ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাগুলো দর্শকের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। সিনেমার পাশাপাশি ‘দেখ ভাই দেখ’ বা ‘শরারাত’-এর মতো টেলিভিশন সিরিয়াল এবং সবশেষ ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে বুঝিয়ে দিয়েছেন চরিত্র ছোট হলেও অভিনয় দিয়ে আকাশছোঁয়া মর্যাদা অর্জন করা সম্ভব।
বিজ্ঞাপন
এমআইকে
