বিজ্ঞাপন

‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’

রবার্ট ডাউনি জুনিয়রের নতুন চরিত্র, ফিরছেন ক্রিস ইভান্স

রবার্ট ডাউনি জুনিয়রের নতুন চরিত্র, ফিরছেন ক্রিস ইভান্স

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত ‘সিনেমা কন ২০২৬’ অনুষ্ঠানে ট্রেলারটি প্রদর্শিত হয়। 

বলা হচ্ছে, এই সিনেমার মাধ্যমে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ধরনের বড় রদবদল ও চমক আসতে যাচ্ছে। ট্রেলারে বড় চমক হিসেবে দেখা গেছে রবার্ট ডাউনি জুনিয়রকে; যিনি মূলত আয়রনম্যান হয়ে ধরা দিয়েছিলেন। এবার তবে তার দেখা মিলবে ভিক্টর ফন ডুম বা ‘ডক্টর ডুম’ নামের এক খলচরিত্রে। মাল্টিভার্স বা মহাবিশ্ব দখলের নেশায় মত্ত এই শক্তিশালী ভিলেনের মোকাবেলা করতে দেখা যাবে অ্যাভেঞ্জার্সদের। 

ট্রেলারের একটি বিশেষ দৃশ্যে দেখা যায়, থর (ক্রিস হেমসওয়ার্থ) যখন ডক্টর ডুমের মুখোমুখি হন, তখন ডুম অনায়াসেই থরের হাতুড়ি ‘মজোলনির’ ধরে ফেলেন। ডক্টর ডুমের এমন অ্যাকশন দেখে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

সিনেমাটি নিয়ে রবার্ট ডাউনি জুনিয়র উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি কল্পনাও করতে পারিনি যে এই দুর্দান্ত টিমের সাথে আবারও কাজ করব, বিশেষ করে এমন একটি নতুন চরিত্রে।

সিনেমাটিতে আরও একটি বড় চমক থাকছে অভিনেতা ক্রিস ইভান্সের ফেরা। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ তার চরিত্রের সমাপ্তি ঘটলেও স্টিভ রজার্স বা ‘ক্যাপ্টেন আমেরিকা’ হিসেবে আবারও তাকে পর্দায় দেখা যাবে। ক্রিস ইভান্সের বক্তব্য, একটি বিশেষ প্রয়োজনে এবার সুপারহিরোদের স্টিভ রজার্সকে প্রয়োজন হবে। সিনেমার পরিচালক রুসো ব্রাদার্সও জানিয়েছেন একই কথা। 

এবারের অ্যাভেঞ্জার্সে শুধু পুরনো সুপারহিরোরাই নন, যুক্ত হচ্ছেন মার্ভেল ইউনিভার্সের বিভিন্ন প্রান্তের চরিত্ররা। ট্রেলারে প্রফেসর জাভিয়ার (প্যাট্রিক স্টুয়ার্ট), গ্যাম্বিট (চ্যানিং টাটুম), সাং-চি (সিমু লিউ), মিস্টিক এবং ইয়েলেনা বেলোভাকে দেখা গেছে। এছাড়া গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি, এক্স-মেন এবং ফ্যান্টাসটিক ফোর-এর সদস্যদেরও এই সিনেমায় দেখার সম্ভাবনা রয়েছে।

মার্ভেল স্টুডিওসের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুসো। সিনেমাটি চলতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ডিএ

বিজ্ঞাপন