বিজ্ঞাপন

মুক্তির আগে প্রদর্শনী

কেমন হলো মাইকেল জ্যাকসনের বায়োপিক?

কেমন হলো মাইকেল জ্যাকসনের বায়োপিক?

আর মাত্র কয়েকটা দিন। এরপরই মুক্তি পেতে যাচ্ছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’। সম্প্রতি জার্মানির বার্লিনে আয়োজন করা হয় এর জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। এর মাধ্যমে পর্দায় প্রথমবারের মতো দেখানো হয় বহুল প্রতীক্ষিত এই বায়োপিকটি; সেখানে উপস্থিত দর্শক ও সমালোচকরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেন। 

বায়োপিকটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করা জাফর জ্যাকসন। সম্পর্কে পপ সম্রাটের এই ভাতিজা এক অনবদ্য অভিনয় ও তার লুকের মাধ্যমে চাচা মাইকেলের প্রায় পুরোটাই পর্দায় ফুটিয়ে তুলেছেন। দর্শকদের মতে, জাফরের কণ্ঠ থেকে শুরু করে তার নাচ, আবেদন প্রায় সবটাই মিলেছে মাইকেল জ্যাকসনের সঙ্গে।  

বার্লিন উৎসবে এই সিনেমাটির প্রদর্শনী শেষে দর্শক ও কলাকুশলীরা দাঁড়িয়ে জাফরকে সম্মান জানান। এই অনুষ্ঠানে জ্যাকসন পরিবারের বেশ কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। সামাজিকমাধ্যমে সিনেমাটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে এটিকে ‘শতাব্দীর সেরা সিনেমা’ হিসেবেও অভিহিত করেছেন কেউ কেউ। 

বায়োপিকটি নিয়ে এক চলচ্চিত্র সমালোচকের ভাষ্য, পরিচালক এন্টোইন ফুকুয়া এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্তগুলো জীবন্ত করে তুলেছেন। এছাড়াও জাফরকে দিয়ে মাইকেলের শারীরিক ভাষা ও আবেগ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা; যা দর্শকদের দীর্ঘকাল মনে থাকবে।

অবশ্য ইতিবাচক আলোচনা থাকলেও সিনেমাটি ঘিরে খানিকটা বিতর্কও তৈরি হয়েছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুযায়ী মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলোও এই সিনেমায় তুলে ধরার কথা ছিল। কিন্তু আইনি জটিলতা এবং জ্যাকসনের পরিবারের আপত্তির জেরে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। সে কারণে সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি থেকে দেড় কোটি ডলার বৃদ্ধি পায়।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট আশা করছে সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৭০ কোটি ডলার আয় করবে। যদি এই পূর্বাভাস মিলে যায় তবে এটি মিউজিক্যাল বায়োপিক বা সংগীত তারকাদের নিয়ে নির্মিত সিনেমার ইতিহাসে শীর্ষ তালিকায় স্থান করে নেবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাইকেল’। 

জুম এন্টারটেইনমেন্ট অবলম্বনে

ডিএ

বিজ্ঞাপন