বিজ্ঞাপন

‘ধুরন্ধর’ বিতর্কে যা বললেন জাভেদ আখতার

‘ধুরন্ধর’ বিতর্কে যা বললেন জাভেদ আখতার

চলচ্চিত্র দুনিয়ায় বর্তমানে বহুল আলোচিত শব্দ ‘প্রোপাগান্ডা ফিল্ম’। বিশেষ করে ভারতের সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের একাংশ যখন নেতিবাচক মন্তব্যে মুখর, ঠিক তখনই উল্টো সুর গাইলেন কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, ‘ধুরন্ধর’-এর মতো সিনেমা নিয়ে চলা প্রোপাগান্ডা বিতর্কের সঙ্গে তিনি একমত নন।

সম্প্রতি কলকাতায় একটি জুয়েলারি ব্র্যান্ডের আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন এই প্রবীণ লেখক। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সিনেমাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে ট্যাগ দেওয়ার বিরোধিতা করেন। জাভেদ আখতারের মতে, একজন চলচ্চিত্র নির্মাতা যখন কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, তাতে ভুল কিছু নেই।

সিনেমাটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে জাভেদ আখতার বলেন, ‘প্রোপাগান্ডা ফিল্ম বলতে আপনারা আসলে কী বোঝাতে চাইছেন, তা আমি জানি না। ধুরন্ধর আমার খুব ভালো লেগেছে, যেটি একটি চমৎকার ছবি ছিল। দ্বিতীয়টির চেয়ে প্রথমটি আমার বেশি ভালো লেগেছে।’

আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ রণবীর সিং করাচিতে কর্মরত একজন ভারতীয় এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে যেমন ঝড় তুলেছে, তেমনই প্রোপাগান্ডার অভিযোগে বিদ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জাভেদ আখতারের এই সোজাসাপ্টা সমর্থন সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

এই লেখকের ভাষ্যমতে, একটি সৃষ্টিকে কেবল ‘প্রোপাগান্ডা’ তকমা দিয়ে তার শৈল্পিক মান বিচার করা অযৌক্তিক। কলকাতার সেই অনুষ্ঠানে সৃজনশীলতার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানানো হয়, আর সেখানেই বিনোদন জগতের এই জ্বলন্ত ইস্যুটি নিয়ে নিজের স্পষ্ট অবস্থান পরিষ্কার করলেন তিনি।

এমআইকে