বিজ্ঞাপন

চোখের সামনে সাংবাদিক হত্যার বিচার করবেন এই পুলিশ অফিসার

চোখের সামনে সাংবাদিক হত্যার বিচার করবেন এই পুলিশ অফিসার

নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় এক সাংবাদিকের হত্যাকাণ্ড, সেই গ্লানি থেকে শুরু হওয়া মনস্তাত্ত্বিক লড়াই আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির গল্প নিয়ে নির্মিত হয়েছে বলিউড সিনেমা ‘কর্তব্য’। পুলকিত পরিচালিত এই থ্রিলারে একজন বিপর্যস্ত পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সাইফ আলী খান। সদ্য প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ‘পবন’ নামের একজন পুলিশ সদস্যকে কেন্দ্র করে। দায়িত্ব পালনকালে তার চোখের সামনেই খুন হন একজন সাংবাদিক, যা পুলিশ প্রশাসন ও সংবাদমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে। ওপরমহলের প্রচণ্ড চাপের মুখে পবন একদিকে যেমন খুনিকে খুঁজে বের করার অভিযানে নামেন, অন্যদিকে নিজের পরিবারকেও আসন্ন বিপদ থেকে বাঁচাতে লড়াই করেন।

সম্প্রতি সিনেমাটির ২ মিনিট ২৫ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারের শুরুতেই সাইফের একটি সংলাপ গল্পের মূল সুর স্পষ্ট করে দেয়, যেখানে তিনি বলছেন— ধর্ম ও কর্ম পালন করতে গিয়ে কর্তব্যের ধারেকাছেও পৌঁছানো যায় না।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমার ট্রেলারে আরও দেখা যায়, গতানুগতিক অ্যাকশন হিরোর বদলে একজন কর্তব্যের ভারে নুইয়ে পড়া রক্ত-মাংসের মানুষের রূপ ফুটিয়ে তুলেছেন সাইফ।

উল্লেখ্য, এটি শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে সাইফ আলী খানের প্রথম কাজ। ট্রেলারে সিনেমার উচ্চমানসম্পন্ন নির্মাণশৈলীর ছাপ লক্ষ্য করা গেছে। আগামী ১৫ মে থেকে নেটফ্লিক্সের দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।

ডিএ

বিজ্ঞাপন