সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রোজ প্রাণ হারাচ্ছে শিশুরা। সেই কোমলমতি শিশুদের নিয়ে একটি গান বেঁধেছেন গীতিকবি শেখ রানা। ‘নতুন ফুলের গান’ শিরোনামের গানটি নিজের সুরে গেয়েছেন মুসাফির আরিয়ান। আর সংগীতায়োজনে অটামনাল মুন। গতকাল গানটি অন্তর্জালে উন্মুক্ত করেছেন সংশ্লিষ্টরা।
গীতিকবি শেখ রানা বলেন, ‘লিরিকটা লিখেছিলাম সপ্তাহ দুই আগে। লিখে সুর করেছিলাম নিজে নিজেই। গিটারের বিষণ্ণ এ মাইনর কর্ড ধরে। ভালো কিছু হয়নি। বিষন্নতারও একটা সুর থাকে। সেই সুর সুরে ছুঁয়ে যায়নি। আরিয়ানকে লিরিকটা দেয়ার পর একটা অদ্ভুত মেলানকোলি সুর পাঠাল আমাকে। আমরা মুনকে (অটামনাল মুন) অনুরোধ করতেই কম্পোজিশন করে দিল।’
সময়ের দায় থেকেই গানটি করেছেন তারা। রানার ভাষ্য, “খুব কম সময়ে আমরা একটা ভুলে যেতে চাওয়া সময়কে ধরে রাখলাম। হামে মৃত্যু হলো শত শত শিশুর। সাথে তাদের বাবা- মারও। এই দু:খ অতলান্তিক। যার যায় সে ছাড়া কেউ বোঝেনা। এই হাহাকার আমরা হৃদয়ঙ্গম করতে পারব না। ‘নতুন ফুলের গান’ নতুন দিন আনবে না। যে শিশুরা চলে গেছে, তাদের পরিবারে এতটুকুও সহমর্মিতার প্রলেপ দিতে পারবে না। তবু আমরা বেঁচে থাকব। জীবনকে যাপন করব। পৃথিবী থেকে ফুলেরা বিদায় নেবে, আশাবাদী চোখে আমি কল্পনা করে যাব তারাই নতুন ফুল হয়ে ফিরে আসবে অন্য নামে।”
সংগীত পরিচালক অটামনাল মুন জানান, রানার গীতিকবিতায় তিনি ‘মুক্তিযুদ্ধের গান’ নামে একটি প্রজেক্ট করছেন। সে সুবাদে এই গানের প্রস্তাব আসে। পেশাদারিত্ব নয়, বরং মানবিক অনুভব থেকে গানটি করেছেন তাঁরা।
শ্রোতাদের উদ্দেশ্যে গায়ক মুসাফির আরিয়ান বলেন, ‘একজন সন্তানের বাবা হিসেবে হোক আর এই দেশের প্রতি দায় থেকে হোক, চেষ্টা করেছি গানের কথাগুলোকে অনুভব করে সুর করতে, কেমন হয়েছে সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম।’
‘নতুন ফুলের গান’-এর ভিডিও সম্পাদনা করেছেন আফরিন নাহার। গীতিকবির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি শোনা যাচ্ছে।
কেআই
