বিজ্ঞাপন

বর্ষার আগে ‘মেট্রোলাইফ’-এর বৃষ্টির গান

বর্ষার আগে ‘মেট্রোলাইফ’-এর বৃষ্টির গান

ক্যালেন্ডারে এখনো বর্ষা আসেনি। তবে গ্রীষ্মের দিনগুলোতেও প্রায়ই বৃষ্টিতে ভিজছে শহর-মফস্বল-গ্রাম। আর সে বৃষ্টির হাত ধরেই যেন অন্তর্জালে এলো নতুন গান ‘বৃষ্টি বিলাস’। তরুণ প্রজন্মের ব্যান্ড ‘মেট্রোলাইফ’-এর গান এটি। প্রকাশিত হয়েছে ঈদের আগের দিন।

এটি তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘শূন্যতম সিম্ফনি’র পঞ্চম গান। বরাবরের মতো কথা-সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল মেহেদী হাসান অয়ন। গানটি নিয়ে ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘নাম থেকেই বোঝা যায়, এটা শহুরে বৃষ্টির গান। নগরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বৃষ্টি নিয়ে অনুভূতির গান। মেট্রোলাইফের নিজস্বতা হলো শহর-জীবন নিয়ে সহজ কথা ও সুরে গান করা। সে জায়গা থেকে মনে হলো, শহর-জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ বৃষ্টি; সেটা নিয়ে আমাদের গান করা হয়নি। ওই অপূর্ণতা থেকেই এ গানের সূচনা।’  

অয়ন জানান, বছর খানেক আগেই গানটির কথা-সুর চূড়ান্ত করেছিলেন। তবে অন্য গান নিয়ে ব্যস্ততা থাকায় প্রকাশে বিলম্ব হলো। গানটি সাজাতে গিয়ে চ্যালেঞ্জের মুখেও পড়েছেন শিল্পী। তার ভাষ্য, ‘বৃষ্টি নিয়ে এত এত গান! ওপার বাংলার শ্রদ্ধেয় অঞ্জন দত্ত থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন ব্যান্ডের অনেক গান আছে। ফলে বৃষ্টি নিয়ে আমরা একটা গান করলে সেটা শ্রোতার কাছে কতখানি যাবে, আমাদের গানটাতে আলাদা কী থাকবে, সেটাই মূল চ্যালেঞ্জ ছিল। চেষ্টা করেছি চ্যালেঞ্জটা উতরে যেতে। প্রকাশের পর থেকে শ্রোতাদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক।’

মঞ্চে ব্যান্ড 'মেট্রোলাইফ' 

‘মেট্রোলাইফ’-এর বর্তমান লাইনআপে রয়েছেন মেহেদী হাসান অয়ন (ভোকাল), ইশান ধ্রুব ও জুনায়েদ হোসেন নিলয় (গিটার), মনিরুজ্জামান মারুফ (বেজ গিটার), শুভ আকন্দ (কিবোর্ড) ও শোভন আশরাফ (ড্রামস)।   

কেআই

বিজ্ঞাপন