জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নজরুল-উৎসব ১৪৩৩’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী আয়োজনে ছায়ানটের শিল্পীরা ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ শিরোনামে গান ও নাচ পরিবেশন করেন।
স্বাগত বক্তব্যে ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল কবির সৃষ্টিশীল জীবন ও অসাম্প্রদায়িক চেতনার কথা স্মরণ করেন। এরপর ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’ পর্বে নজরুলের দেশাত্মবোধক গান, কবিতা ও পাঠের সুন্দর একটি মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়।
দলীয় পর্বে ছায়ানটের শিল্পীরা ‘বল ভাই মাভৈ: মাভৈ:’, ‘জাগো অনশন বন্দি ওঠ রে যত’ এবং ‘দুর্গম গিরি কান্তার মরু’ গানগুলো গেয়ে শোনান। উৎসবে আমন্ত্রিত দল ‘সরকারি সংগীত মহাবিদ্যালয়’-এর শিল্পীরাও সমবেত কণ্ঠে দুটি গান পরিবেশন করেন। এরপর ছিল বিভিন্ন শিল্পীর একক গান ও কবিতা আবৃত্তির আয়োজন।
আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনের আয়োজন শুরু হবে। অনুষ্ঠানটি ছায়ানট মিলনায়তন ছাড়াও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে।
ডিএ
