মঞ্চের আলো-আঁধারি, নেপথ্যের শ্রম আর কাঁধে থিয়েটার বয়ে বেড়ানো একজন নিবেদিতপ্রাণ শিল্পীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘পথ’। এক থিয়েটার কর্মীর জীবনসংগ্রাম এবং তার নাটকের পথ চলার নানামুখী গল্পকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই সিনেমার কাহিনি।
সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। শুধু পরিচালনা নয়, চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই। ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনাও করেছেন নির্মাতা নিজে।
চলচ্চিত্রটির মূল বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আসাদুজ্জামান দুলাল। সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা নিয়ামুল মুক্তা। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘থিয়েটার কাঁধে বয়ে বেড়ানো একজন শিল্পীর জীবন এবং তার নাটকের পথ চলার গল্পেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘পথ’। যা এই বছরের শেষে মুক্তি পাবে।’

‘পথ’ চলচ্চিত্রটি ইতিমধ্যেই চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদয় নজর কেড়েছে এবং বিনা কর্তনে সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। ফলে সিনেমাটি প্রেক্ষাগৃহে কিংবা দর্শকদের সামনে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।
এদিকে 'বৈদ্য' নামে আরেকটি ছবির কাজও সেরে রেখেছেন মুক্তা। সেটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোশাররফ করিম। মুক্তা জানিয়েছেন, শিগগির ছবিটি সেন্সরে জমা দেবেন। আর এ বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।
এমআইকে
