কালজয়ী সংগীতকার লাকী আখান্দের জন্মদিন ছিল গতকাল। ভক্ত-সতীর্থদের অনেকেই তাকে স্মরণ করেছেন। তার সুর করা অপ্রকাশিত গান প্রকাশ করেছেন জয় শাহরিয়ার, আবার লাকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিখ্যাত গান ‘এই নীল মনিহার’ নতুন আয়োজনে গেয়েছেন বাপ্পা মজুমদার।
এবার অজানা এক স্মৃতি সামনে আনলেন বাপ্পা। আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাপ্পা তুলে ধরেন দীর্ঘ ২৬ বছর আগের এক ঘটনা। বাপ্পা ও সঞ্জীব চৌধুরীর ব্যান্ড ‘দলছুট’-এর শ্রোতানন্দিত অ্যালবাম ‘হৃদয়পুর’-এর একটি গানে অ্যাকর্ডিয়ান বাজিয়েছিলেন লাকী আখান্দ। যা এতদিন সেভাবে কেউ জানত না।
বাপ্পা তার পোস্টে লেখেন, “২০০০ সাল, দিন টা মনে নেই। মিউজিক ম্যান স্টুডিও। দলছুটের ‘হৃদয়পুর’ অ্যালবামের কাজ চলছে। ‘গাছ’ গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট শেষ হয়েছে সদ্য। শেখ রানার লেখায়, আমার সুর সংগীত শেষ হতেই মনে হলো, এই গানে অ্যাকোর্ডিয়ান বাজাতে হবে! কিন্তু অ্যাকোর্ডিয়ান কোথায় পাবো? এটা তো এখন কারো কাছেই নেই! খবর নিয়ে জানলাম, লাকী ভাইয়ের কাছে আছে। স্টুডিও থেকেই কল দিলাম লাকী ভাইকে। বহু সাহস সঞ্চয় করে বলে ফেললাম, লাকী ভাই, একটা অ্যাকর্ডিয়ান লাগবে! কোথাও পাচ্ছি না! কী করবো? উনি বললেন, ‘আরে আমার কাছেই তো আছে বাপ্পা!”
অ্যাকর্ডিয়ানের ব্যবস্থা তো হলো। কিন্তু বাজাবে কে? পরে লাকীকে এ প্রশ্নটাই করলেন বাপ্পা। লিখলেন, “লাকী ভাই, কাউকে তো পাচ্ছি না! তিনি বললেন, ‘কেন? আমি বাজাবো!' আমি স্তব্ধ! লাকী ভাই, কী বলেন! এ তো সাংঘাতিক ব্যাপার হবে! ‘আমাকে স্টুডিওর ঠিকানা দাও, আর কবে আসবো সেটা বলো'-লাকী ভাই জিজ্ঞেস করলেন। দিন ক্ষণ ঠিক হলো, লাকী ভাই আসলেন, বাজালেন। আমি আর সঞ্জীব দা মুগ্ধ! আনন্দে কেউই কথা বলতে পারছিলাম না! গানটার ইমোশন আমূল পাল্টে গেলো লাকী ভাইয়ের বাজানোয়। সঞ্জীব দা'র গাওয়া ‘খোলা আকাশ, একটি গাছ’ গানে যে অ্যাকর্ডিয়ানের আওয়াজ আপনারা শুনেছেন, সেটা লাকী ভাইয়ের নিজ হাতে উনার নিজ অ্যাকর্ডিয়ানে বাজানো।”
সেদিনের শেষ স্মৃতি জানিয়ে বাপ্পা লেখেন, ‘এক অপার্থিব আনন্দ নিয়ে গভীর রাতে বাড়ি ফিরলাম। আর সারা রাত গোটা গান লুপে শুনে রাত পার হলো আমার। আহা লাকী ভাই! ভালো থাকুন, যেখানেই থাকুন। শ্রদ্ধা।’
কেআই
