বিজ্ঞাপন

শিল্পকলায় আব্দুল হাদীকে সম্মাননা, ৮৫-তে শোনাবেন গানও

শিল্পকলায় আব্দুল হাদীকে সম্মাননা, ৮৫-তে শোনাবেন গানও

বয়স ৮৫ বছর। তবে কণ্ঠে সেই ভরাট স্বর আর দরদ রয়ে গেছে। তাই ৮৫-তেও মঞ্চে উঠবেন, গাইবেন ভক্তদের জন্য। কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কথাই বলা হচ্ছে। ১২ জুন সন্ধ্যায় তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। সম্মাননা নেওয়া শেষে তিনি গানও পরিবেশন করবেন।

বিষয়টি জানিয়েছে শিল্পকলার জনসংযোগ বিভাগ। ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায়’ শীর্ষক আয়োজনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতায় রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়াও থাকবেন জাসাস আহ্বায়ক হেলাল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলা গানকে নিজস্ব কণ্ঠমাধুর্য, শিল্পনিষ্ঠা এবং অনবদ্য পরিবেশনার মাধ্যমে সমৃদ্ধ করে চলেছেন তিনি। পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে।

সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে সাংস্কৃতিক পর্ব। প্রথমে সৈয়দ আব্দুল হাদীর কালজয়ী কিছু গান পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা। পরে থাকবে কিংবদন্তির একক পরিবেশনা।

কেআই

বিজ্ঞাপন