বিজ্ঞাপন

টলিউড নিয়ে বিস্ফোরক দাবি অভিজিতের

টলিউড নিয়ে বিস্ফোরক দাবি অভিজিতের

কলকাতা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে এবার চরম বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তিনি জানান, টলিউড নিয়ে তার বিন্দুমাত্র কোনো আকর্ষণ নেই, এমনকি এই ইন্ডাস্ট্রির অভিনেতাদের তিনি ‘তারকা’ বা স্টার মনে করেন না। তার মতে, টলিউড ইন্ডাস্ট্রি বলে বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই।

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের বর্তমান পরিস্থিতি এবং অরাজকতা নিয়ে মুখ খোলেন এই প্রবীণ গায়ক। তিনি বলেন, ‘টলিউডের অরাজকতা নিয়েও নানা কথা কানে এসেছে। কিন্তু সত্যি কথা বলতে, আমি টলিউড নিয়ে একেবারেই বিশেষ ভাবি না। টলিউডের অভিনেতারা আমার কাছে স্টার নয়। আর টলিউড ইন্ডাস্ট্রি বলে সত্যিই কিছু অবশিষ্ট নেই।’

কলকাতার সিনেমার নিজস্বতা হারিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ বলেন, ‘ছবিতে কোরিওগ্রাফার আসছে সাউথ (দক্ষিণ ভারত) থেকে, বলিউড থেকে। বাংলা ছবিতে কোরিওগ্রাফার থাকবেই বা কেন? আগের হিরোরা ভাত আর মাছ খেয়ে ফিট থাকত।’

নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা টেনে তিনি জানান, কাজের জন্য কখনোই তাকে কলকাতার স্টুডিওর দ্বারস্থ হতে হয়নি। অভিজিতের ভাষায়, ‘টলিউড নিয়ে আমার কোনো অ্যাট্রাকশন ছিল না। আমি তো কলকাতায় এসে কখনো স্টুডিওর চেহারা দেখিনি। আমাকে দিয়ে যারা গান গাইয়েছেন, তারা বম্বেতে (মুম্বাই) এসে কাজ করিয়ে নিয়ে গিয়েছেন।’

বর্তমান সময়ের টলিউড সুপারস্টার দেবের একটি প্রসঙ্গ টেনে এই সংগীতশিল্পী আরও দাবি করেন, ‘আমাকে দেব নিজে ফোন করে বলেছে- দাদা, তোমাকে এটা গাইতে হবে। যাই হোক, এসব নিয়ে কথা বলতে চাই না।’

এমআইকে