২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাদ্দ সামান্য বেড়েছে। নতুন অর্থবছরের জন্য মন্ত্রণালয়টির অনুকূলে ৮২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের চেয়ে ২ কোটি টাকা বেশি। প্রস্তাবিত এই বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৮৫ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ৩৪১ কোটি টাকা।
চলতি অর্থবছরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মূল বাজেট বরাদ্দ ছিল ৮২৪ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কাটছাঁট করে দাঁড়ায় ৭৫৩ কোটি টাকায়। সেই তুলনায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ কিছুটা বাড়লেও তা অত্যন্ত সীমিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এবারের জাতীয় বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতের জন্য মোট বাজেটের ১ শতাংশেরও কম, অর্থাৎ ০.০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
এর আগে দেশের সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশের স্বার্থে জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীরা। সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধের বিকাশ, জাতীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক অগ্রগতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তারা এই দাবি উত্থাপন করেছিলেন।
ডিএ
