ভাইরাল কনটেন্টের ভিড়ে ভালো গান ও গীতিকারদের সামনে আনতে কাজ করছে ‘দ্য সংরাইটার্স কালেক্টিভ’। সংগীতশিল্পী ও উদ্যোক্তা সাদী মোহাম্মদ শাহনেওয়াজের উদ্যোগে গড়ে ওঠা এ প্ল্যাটফর্মে শিল্পীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, তাদের গান শোনা ও গাওয়ার সুযোগ থাকবে।
এ উদ্যোগের ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় শিল্পীদের স্বকীয় পরিবেশনায় প্রথম কনসার্ট। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আয়োজন; যা অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুন (শনিবার) রাজধানীর বনানীর বাটারনট জাজ ক্যাফেতে।
এবারের আয়োজনে প্রাধান্য দেওয়া হয়েছে নারী শিল্পীদের। তাই কনসার্টটির নাম রাখা হয়েছে 'হারমনি-সেলিব্রেটিং দ্য ফিমেল'।
জানা গেছে, এতে গান পরিবেশন করবেন সম্প্রতি টিএসসিতে গান গেয়ে আলোচনায় আসা ইলা লালালালা, তরুণ শিল্পী শানিলা ইসলাম। এছাড়াও গান শোনাবেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, সঙ্গে আরও তিন শিল্পী। কবিতা আবৃত্তি করবেন সাইয়েদা নীলিমা দোলা।
এ নিয়ে সাদী শাহনেওয়াজ সংবাদ মাধ্যমে জানান, ভালো সৃষ্টিকে তুলে ধরা এবং গীতিকার-শিল্পীদের সহযোগিতা করতেই এ প্ল্যাটফর্মের যাত্রা। বর্তমানে সংগঠনটির সঙ্গে প্রায় ২০ জন শিল্পী যুক্ত আছেন।
কনসার্টটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। অনুষ্ঠানস্থল থেকেই টিকিট সংগ্রহ করা যাবে।
ডিএ
