বিজ্ঞাপন

বেঁচে থাকাটা কত কঠিন এখন টের পাচ্ছি : অমি

বেঁচে থাকাটা কত কঠিন এখন টের পাচ্ছি : অমি

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক নানা জটিলতার কারণে বর্তমানে তিনি একদমই কথা বলতে পারছেন না। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই পরিচালকের আকস্মিক এই অসুস্থতায় শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

এমন কঠিন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি। পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনও আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর ৩ দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।’

তিনি আরও লেখেন, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই। জোরে কথা বলতে চাই। আবারও "অ্যাকশন" বলতে চাই।’

অসুস্থতার এই দিনগুলোতে নিজের সন্তানের সাথে কথা বলতে না পারার যন্ত্রণা সবচেয়ে বেশি পোড়াচ্ছে এই নির্মাতাকে। তার কথায়, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সাথেও কথা বলতে পারছি না। আমি তাকে আবারও ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।’

অমির এই পোস্টে শোবিজের সহকর্মী ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করছেন। প্রত্যেকেই আশা করছেন, সব জটিলতা কাটিয়ে খুব শিগগিরই চিরচেনা চঞ্চলতায় এবং শুটিং সেটের সেই পরিচিত ‘অ্যাকশন’ শব্দে মুখর হয়ে ফিরবেন কাজল আরেফিন অমি।

এমআইকে