কোরবানির ঈদে মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে দারুণ চলছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। প্রশংসা যেমন মিলছে, ব্যবসাও করছে বেশ। অন্যদিকে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ ঘুরে বেড়াচ্ছে বিশ্বজোড়া বিভিন্ন উৎসবে, জিতে নিচ্ছে পুরস্কার আর প্রশংসা। এ বছরের শুরুর দিকে নেদারল্যান্ডসের বিখ্যাত ‘রটারড্যাম উৎসব’-এ একসঙ্গে অংশ নিয়েছিল ছবি দুটি। এর মধ্যে ‘মাস্টার’ জিতে নিয়েছিল পুরস্কার।
এবার ইউরোপের আরো এক উৎসবে একত্রে অংশ নেবে ‘মাস্টার’ ও ‘রইদ’। ১৭তম লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ছবি দুটি। তিনটি ভিন্ন শহরে চলবে উৎসবটি। এর মধ্যে লন্ডনে ৯ জুলাই শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত। আর বার্মিংহামে ১০ জুলাই থেকে ১৯ জুলাই এবং ম্যানচেস্টারে ৯ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে।

এরই মধ্যে প্রকাশিত হয়েছে উৎসবটির এবারের নির্বাচিত ছবির তালিকা। তাতে ‘মাস্টার’ ও ‘রইদ’ ছাড়াও রয়েছে ‘৫২ ব্লু’, ‘অল অ্যাবাউট ওয়েডিংস’ (বিয়ে ফিয়ে নিয়ে), ‘আনমোল-লাভিংলি আওয়ারস’, ‘গিট ইট আ শট’, ‘ইন সার্চ অব দ্য স্কাই’, ‘মসকিউটো ইন দ্য ইয়ার’, ‘টু দেসি টু কয়্যার’ ইত্যাদি ছবি।
এছাড়া এবারের আসরে বড় চমক হিসেবে থাকছেন বলিউডের নন্দিত তারকা আমির খান। তার অভিনীত কালজয়ী ছবি ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে উৎসবে। এ উপলক্ষে আমির নিজে উপস্থিত হবেন। অংশ নেবেন বিশেষ আলাপচারিতায়। শোনাবেন ‘লগান’ ও তার চলচ্চিত্র জীবনের নানা গল্প।

এদিকে সম্প্রতি ‘মাস্টার’ প্রদর্শিত হয়েছে সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে ছবিটির প্রতি দর্শকের এমন আগ্রহ ছিল যে, প্রদর্শনীগুলো ছিল হাউজফুল। আর ‘রইদ’ এ মাসের শেষ দিকেই যুক্তরাষ্ট্র ও আমেরিকার প্রায় ৫০টি শহরে মুক্তি পাবে বলে জানা গেছে।
কেআই
