বিজ্ঞাপন

প্রেক্ষাগৃহে ফিরছে ‘বরবাদ’, সঙ্গে আরো তিন ছবি

প্রেক্ষাগৃহে ফিরছে ‘বরবাদ’, সঙ্গে আরো তিন ছবি

ঢালিউডের জন্য এবারের কোরবানির ঈদটা জমেনি। যে’কটি ছবি মুক্তি পেয়েছে, আশানুরূপ সাফল্য পায়নি কোনোটি। এমনকি শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ও করেছে হতাশ। তাই হলগুলোতে দর্শকের খরা।

এমন অবস্থায় দর্শককে আকৃষ্ট করতে ভিন্ন উদ্যোগ নিলো দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। এক সপ্তাহের জন্য তারা আয়োজন করছে ‘সামার হিট ফেস্ট’। এ আয়োজনে সুপারহিট চারটি ছবি পুনরায় দেখাবে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার বিকালে স্টার সিনেপ্লেক্স জানায়, ১৯ জুন থেকে শুরু হয়ে এ আয়োজন চলবে ২৫ জুন পর্যন্ত। এতে দেখানো হবে রায়হান রাফীর ‘তাণ্ডব’, মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, তানিম নূরের ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। এর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া বাকি তিনটি ছবি গত বছরের। চারটি ছবিই চুটিয়ে ব্যবসা করেছে প্রেক্ষাগৃহে। ‘বরবাদ’ তো গড়েছে সর্বোচ্চ আয়ের রেকর্ডও। তাই নতুন করে অনেকে ছবিগুলো দেখতে আসবেন, এমনটাই প্রত্যাশা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের।

'বনলতা এক্সপ্রেস'-এর দৃশ্য

উল্লেখ্য, ‘তাণ্ডব’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, গাজী রাকায়েত প্রমুখ। ‘বরবাদ’-এ শাকিবের জুটি পশ্চিমবঙ্গের ইধিকা পাল। ‘উৎসব’-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। আর ‘বনলতা এক্সপ্রেস’-এ আছেন শরিফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলাসহ অনেকে।

কেআই