জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। চমৎকার বাচনভঙ্গি আর সাবলীল উপস্থাপনা দিয়ে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়েও তার পরিচিতি বাড়ছে ক্রমশ। চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে একাধিক অনুষ্ঠান করছেন। তার সঙ্গে কথা বলেছেন ইব্রাহীম জাহিদ।
ঢাকা পোস্ট : বিশ্বকাপ নিয়ে আপনার এবারের ব্যস্ততা কেমন?
মৌসুমী মৌ : বিশ্বকাপ তো বরাবরই আমাদের জন্য অনেক বড় উন্মাদনার বিষয়। উপভোগ না করার কোনো কারণ নেই। এবার বেশ লম্বা সময় ধরে, প্রথমবারের মতো দীর্ঘ ৪০ দিন ধরে টুর্নামেন্ট চলবে। একসঙ্গে ৪৮টি দল অংশ নিচ্ছে। তাই ডেফিনেটলি এবারের আয়োজনটা অনেক বেশি আনন্দের। আর উপস্থাপক হিসেবে এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ। গত বিশ্বকাপেও আমি চারটি শো করেছিলাম, এবার দুটি শো করছি। আসলে অন্য কাজের ব্যস্ততার কারণে এর চেয়ে বেশি সময় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে অভিজ্ঞতাটা ডেফিনেটলি অন্যরকম। গত বিশ্বকাপে দর্শক যুক্ত হতে পারতেন এমন একটি প্যাটার্নের শো করেছিলাম, এবারও ঠিক একই প্যাটার্নে শো করছি।

ঢাকা পোস্ট : আপনি এবার কোন দলকে সাপোর্ট করছেন? কার হাতে বিশ্বকাপের ট্রফি দেখছেন?
মৌসুমী মৌ : দল তো আর মানুষ প্রতিবছর পরিবর্তন করে না! আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক। তবে আমার ধারণা, এবার স্পেন বা পর্তুগাল কাপ জিতবে।
ঢাকা পোস্ট : উপস্থাপনার পাশাপাশি তো আপনি নিয়মিত অভিনয়ও করছেন। সামনে নতুন কী কাজ আসছে?
মৌসুমী মৌ : অক্টোবর বা নভেম্বরের দিকে ওটিটি সিরিজ ‘চক্র থ্রি’-এর শুটিং শুরু হবে। আপাতত এটিই সামনে আছে, এর বাইরে অন্য কোনো অভিনয়ের কাজ নিয়ে কথা হয়নি। মাঝখানে একটা পিরিওডিকাল (ঐতিহাসিক প্রেক্ষাপটের) ফিল্ম নিয়ে কথা হচ্ছিল, কিন্তু ওটা আসলে আমি করতে চাচ্ছি না। এ বিষয়ে একটু সময় নিচ্ছি। তাছাড়া সামনে আমার দুটি বড় রিয়েলিটি শো আছে। এই দুটি শো নিয়েও আমি ভীষণ ব্যস্ত থাকব। তাই আলাদা করে অন্য কোনো কাজে সময় দেওয়া একদমই সম্ভব হবে না।
এমআইকে/কেআই
