বিজ্ঞাপন

অডিশন দিতে দ্বিধা করা উচিত নয় : আলী ফজল

অডিশন দিতে দ্বিধা করা উচিত নয় : আলী ফজল

‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’, ‘ডেথ অন দ্য নাইল’ কিংবা ‘কান্দাহার’ আন্তর্জাতিক একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বমঞ্চে নিজের জাত চিনিয়েছেন বলিউড অভিনেতা আলী ফজল। হলিউডের রূপালি দুনিয়া নিয়ে সাধারণ দর্শকদের কৌতুহলের যেন শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই হলিউড ইন্ডাস্ট্রিতে নিজের কাজের অভিজ্ঞতা এবং সেখানে সফল হওয়ার চাবিকাঠি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। 

তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে মেলে ধরতে হলে লজ্জা বা সঙ্কোচ দূরে সরিয়ে রাখতে হবে। আলী বলেন, ‘হলিউডে কাজ করতে চাইলে অডিশন দিতে কখনও সঙ্কোচ বা দ্বিধা করা উচিত নয়।’

অনেকেরই ধারণা থাকে, বড় কোনো এজেন্সির সঙ্গে যুক্ত হতে না পারলে বোধহয় সেখানে কাজ পাওয়া সম্ভব নয়। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে আলী জানান, বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ভালো অডিশনের মাধ্যমে নিজে থেকে একটি কাজ লুফে নিতে পারলেই কেবল বড় বড় এজেন্সিগুলো অভিনেতাদের প্রতি আগ্রহ দেখায়। তাই নিজের যোগ্যতার প্রমাণ অডিশনেই দিতে হবে।

হলিউড জয়ের গল্পের পাশাপাশি বর্তমানে এই অভিনেতা ব্যস্ত রয়েছেন তার আগামী প্রজেক্ট ‘রাখ’-এর প্রচারণা নিয়ে। পরিচালক প্রসিত রায়ের এই ক্রাইম থ্রিলার সিরিজে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আলীকে। 

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আলি বলেন, পুলিশের বিশেষ এই উর্দি বা পোশাকটি তার চরিত্র নির্মাণে দারুণ ভূমিকা রেখেছে। তবে শুটিংয়ের প্রথম দিন পোশাকটি গায়ে জড়িয়েই তিনি চরিত্রটি পুরোপুরি নিজের মধ্যে ধারণ করতে পারেননি। পরবর্তীতে ধীরে ধীরে নানা খুঁটিনাটি বিষয়ের ওপর কাজ করে চরিত্রটিকে বাস্তবসম্মত করে গড়ে তুলেছেন তিনি।

উল্লেখ্য, ‘রাখ’ সিরিজটিতে প্রথমবারের মতো নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন আলী ফজল। শুটিংয়ের সময় সোনালি বেন্দ্রের দুর্দান্ত অভিনয় দেখে তিনি অনেক সময়ই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন বলেও জানান এই অভিনেতা।

এমআইকে

বিজ্ঞাপন