উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান এবার ব্যস্ত সময় পার করছেন ফুটবল বিশ্বকাপ নিয়ে সাজানো টিভি অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে। সময় টিভির একটি শো করছেন তিনি। তার বিশ্বকাপ ভাবনা ও ব্যস্ততার খবর জেনেছেন ইব্রাহীম জাহিদ।
ঢাকা পোস্ট : বিশ্বকাপ নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করতে কেমন লাগছে?
নীল হুরেরজাহান : খুব ভালো লাগছে। ফুটবল বিশ্বকাপের জন্য তো আমরা দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। এবার একটি ব্রডকাস্ট চ্যানেলের (সময় টিভি) সাথে কাজটি করছি, অভিজ্ঞতা বেশ দারুণ।
আরও পড়ুন

ঢাকা পোস্ট : আপনার পছন্দের দল কোনটি? আর এবার কার ঘরে বিশ্বকাপ ট্রফি যেতে পারে?
নীল হুরেরজাহান : কোন দল বিশ্বকাপ নেবে, তা তো আসলে আগে থেকে এভাবে বলা সম্ভব না। তবে হ্যাঁ, আমার একটা প্রিয় দল আছে। যেহেতু আমি অনুষ্ঠান উপস্থাপনা করছি, তাই একজন উপস্থাপক হিসেবে মাঠে যখন যে দল বা যে খেলোয়াড় ভালো পারফর্ম করে, সেটাই ভালো লাগে। দিনশেষে মাঠে ফুটবল খেলাটা যখন সুন্দর হয়, ওটাই সবচাইতে বেশি উপভোগ করি; দল যেটাই হোক না কেন। এবার আমরা দেখেছি যে একদম নতুন দলগুলো বড় বড় দলকে হারিয়ে দিচ্ছে, গোল দিচ্ছে কিংবা ড্র করছে; প্রতিপক্ষকে গোল করতে দিচ্ছে না। প্রথমবার এসে নতুন দলগুলোর এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখতেও খুব ভালো লাগছে। তবে যদি পার্সোনাল ফেভারিটের কথা বলেন, আমার প্রিয় দল ব্রাজিল। অবশ্য সব দলের খেলা দেখতেই ভালো লাগে।

ঢাকা পোস্ট : উপস্থাপনার পাশাপাশি তো আপনি অভিনয়েও আছেন। নতুন কী করছেন?
নীল হুরেরজাহান : সর্বশেষ এ বছরের ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’র একটি নাটকে অভিনয় করেছি। এরপর আর নতুন কোনো কাজ করা হয়নি। তবে সামনে ইনশাআল্লাহ করব। নতুন কাজ নিয়ে এই মুহূর্তে কারও সঙ্গে তেমন কথা হয়নি। এখন পুরো মনোযোগ ফুটবল বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ শেষ হলে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র আসার কথা রয়েছে।
এমআইকে/কেআই
