বিজ্ঞাপন

দিলজিতের সম্মানে লস অ্যাঞ্জেলেসে বিশেষ দিবস ঘোষণা

দিলজিতের সম্মানে লস অ্যাঞ্জেলেসে বিশেষ দিবস ঘোষণা

বিশ্বমঞ্চে পাঞ্জাবি সংগীত ও সংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জকে বিশেষ সম্মাননা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল। 

লস অ্যাঞ্জেলেস সিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি নাগরিক প্রস্তাব (সিভিক রেজুলেশন) গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে আগামী ২০২৭ সালের ৬ জানুয়ারি তারিখটিকে ‘দিলজিৎ দোসাঞ্জ ডে’ বা ‘দিলজিৎ দোসাঞ্জ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কাউন্সিল ওম্যান মনিকা রদ্রিগেজ এই বিশেষ প্রস্তাবটি উত্থাপন করেন। বিশ্বজুড়ে পাঞ্জাবি সংগীতের বিশ্বায়ন এবং মার্কিন মূলধারার সংস্কৃতিতে দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধিতে দিলজিতের অসামান্য অবদানের কথা মাথায় রেখেই তাকে এই বিরল সম্মানে ভূষিত করা হয়েছে।

সামাজিকমাধ্যমে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের পক্ষ থেকে দিলজিৎ দোসাঞ্জকে এই সম্মাননা সনদ হস্তান্তরের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, কাউন্সিল ওম্যান মনিকা রদ্রিগেজ দিলজিতের হাতে চমৎকারভাবে ফ্রেমে বাঁধানো সম্মাননা স্মারকটি তুলে দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লস অ্যাঞ্জেলেস সিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দিলজিৎ বলেন, এই প্রাপ্তিতে তিনি ভাষা হারিয়ে ফেলেছেন এবং এটি তার জন্য অত্যন্ত গর্বের।

দিলজিতের রেকর্ড গড়া ‘দিল-লুমিনাতি ট্যুর’ এই অনন্য অর্জনে বড় ভূমিকা রেখেছে, যা বিশ্বজুড়ে বিপুল সংখ্যক দর্শক আকর্ষণ করার পাশাপাশি সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর মাধ্যমে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং পাঞ্জাবি শিল্পী হিসেবে বেশ কয়েকটি কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করে এই অঞ্চলের সংগীতশিল্পীদের জন্য নতুন মাইলফলক স্থাপন করেছেন। 

বর্তমানে দিলজিৎ দোসাঞ্জ তার ‘অরা নর্থ আমেরিকান ট্যুর ২০২৬’ কনসার্ট সফর নিয়ে লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। গত ১৮ জুন তিনি 'ক্রিপ্টো ডটকম অ্যারেনা' মাতিয়েছেন। এরপর আগামী ২০ ও ২১ জুন, ২০২৬ তারিখে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর 'চেজ সেন্টার'-এ তার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ডিএ

বিজ্ঞাপন