বিজ্ঞাপন

রাফীর আগে শিহাব শাহীনের ছবিতে বর্ণিতা

রাফীর আগে শিহাব শাহীনের ছবিতে বর্ণিতা

এ বছরের ‘লাক্স সুপারস্টার’ হয়েছেন বিদুষী বর্ণিতা। গ্র্যান্ড ফিনালের মঞ্চেই ঘোষণা আসে, আয়োজনের অন্যতম বিচারক রায়হান রাফীর একটি ছবিতে অভিনয় করবেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই এমন সুযোগ, বিষয়টি তার জন্য অনেকটা স্বপ্নের মতই।

তবে রাফীর আগে আরেক গুণী নির্মাতা শিহাব শাহীনের হাত ধরেই শুটিংয়ে অভিষেক হতে যাচ্ছে বর্ণিতার। এ নির্মাতার একটি ওয়েব ছবিতে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে আলাপ চূড়ান্ত হয়েছে। আগামী মাসে শুরু হবে শুটিং। বিষয়টি বর্ণিতা নিজেই জানিয়েছেন।

গণমাধ্যমকে বর্ণিতা বলেন, ‘এর মধ্যে আমরা আলোচনা করেছি। সব কিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং। গল্পটার কিছু অংশ শুনেছি, খুব ভালো লেগেছে। তিনি (শিহাব শাহীন) আমার প্রিয় নির্মাতাদের একজন। আমার প্রথম কাজ তার সঙ্গে হতে যাচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে।’

যদিও বিষয়টি নিয়ে আপাতত নীরব রয়েছেন নির্মাতা। তিনি জানিয়েছেন, ছবিটির বিষয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম আইস্ক্রিন থেকে জানানো হবে। কারণ সেখানেই আসবে এটি।  

এদিকে রাফী এখন অন্য একাধিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বছর হয়তো আর সময় পাবেন না। সেক্ষেত্রে বর্ণিতাকে নিয়ে ছবিটি বানাতে পারেন আগামী বছর।

আপাতত নিজেকে প্রস্তুত করছেন বর্ণিতা। প্রতিদিন ছবি দেখা, আয়নার সামনে অভিনয়ের অনুশীলন, এসব করেই কাটছে সময়।

কেআই