বিজ্ঞাপন

‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’ কী এবং কেন? জানালেন নির্মাতা

‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’ কী এবং কেন? জানালেন নির্মাতা

২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘সুড়ঙ্গ’-এর দ্বিতীয় কিস্তি ‘সুড়ঙ্গ ২’ নিয়ে বছরান্তে বড় পর্দায় আসবেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ১২ জুন সিনেমাটির দেড় মিনিটের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। 

ঘোষণায় জানানো হয়, ডিসেম্বর মাসেই পুরোদস্তুর অ্যাকশন অবতারে অভিনেতা আফরান নিশোকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন ‘পরাণ’ নির্মাতা। এই সিনেমার মাধ্যমেই মূলত বড় পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’। যেটা দেশের ঢালিউডে নতুন অধ্যায়ের সূচনা করবে। কেননা এর আগে কোনো নির্মাতা এমন ‘ইউনিভার্স’ তৈরি করেননি। 

বিষয়টি নিয়ে নিজের স্বপ্ন ও পরিল্পনার কথা ঢাকা পোস্টকে জানিয়েছেন রাফী। জানালেন, ‘সুড়ঙ্গ ২’ শুধু দর্শকদের আবদার রাখার জন্য নয়, বরং এটি তার একটি দীর্ঘ পরিকল্পনার অংশ।

রায়হান রাফী। ছবি- ফেসবুক।

রাফী বলেন, “পরিকল্পনা আগে থেকেই ছিল। তবে ‘সুড়ঙ্গ’ এত সফল একটি জার্নি ছিল এবং এটি নিয়ে মানুষের প্রত্যাশা এত বেশি যে, আমি কিছুটা সময় নিতে চাচ্ছিলাম। মূলত ‘তাণ্ডব’-এর সময় আমি প্ল্যান করি, একটি ফিল্ম ইউনিভার্স ক্রিয়েট করব। অবশ্যই বাংলাদেশে এটি করা বেশ ডিফিকাল্ট; কারণ আমাদের এখানে আর্টিস্ট সংকট আছে, অভিনেতা-অভিনেত্রী কম। আর একটি ইউনিভার্স ক্রিয়েট করতে অনেক অভিনেতা-অভিনেত্রী লাগে।”

‘সুড়ঙ্গ ২’ সিনেমার ঝলকে আফরান নিশো

তাহলে এমন কঠিন স্বপ্ন দেখার কারণ? “বাংলা ছবিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমি এই পরিকল্পনা করছি। সেই পরিকল্পনা থেকেই মূলত ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’কে মিক্সড করা এবং এর ফলশ্রুতিতে আমরা ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আসছি। এখানে মাসুদ এখন কোথায়, কী করছে এবং কীভাবে সে ওই রকম জায়গায় গেল, দর্শক এবার সেই গল্পই দেখতে পাবে”-বললেন রাফী।

‘ফিল্ম ইউনিভার্স’ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের পরিধি কতখানি? এমন প্রশ্নের জবাবে রাফী বলেন, “স্বপ্ন তো আসলে অনেক বড়। আমার ইউনিভার্স নিয়ে অবশ্যই অনেক দূর যেতে চাই। দেখা যাক কী হয়! আপাতত ‘সুড়ঙ্গ ২’ আসুক, তারপর হয়তো এর পরের পার্ট আসবে। তো আপাতত ‘সুড়ঙ্গ ২’ নিয়ে এক্সাইটেড; তবে সামনে আরও একটা সিনেমার দ্বিতীয় কিস্তি (টু) আসার সম্ভাবনা আছে, সেটা দর্শকদের খুব তাড়াতাড়ি বলব।”

‘সুড়ঙ্গ ২’ সিনেমার ঝলকে আফরান নিশো

যেহেতু ‘সুড়ঙ্গ ২’-এর সঙ্গে ‘তাণ্ডব’-এর সংযোগ রয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায়, তবে কি এই ছবিতে শাকিব খান কিংবা সিয়াম আহমেদকে দেখা যাবে? রাফী স্পষ্ট করে বললেন, ‘গল্পের সংযোগ আর আর্টিস্টের সংযোগ সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে গল্পের সংযোগ থাকবে, কিন্তু শাকিব খানের থাকার কোনো সম্ভাবনা নেই।’ 

পরপর চার ঈদে চারটি সফল সিনেমা উপহার দিয়েছেন রাফী। কিন্তু এবারের কোরবানির ঈদে তার ছবি আসেনি। এ নিয়ে দর্শকের অপূর্ণতা রয়েছে বটে। তবে আশ্বস্ত করলেন নির্মাতা, “এবার কোরবানি ঈদে দর্শক আমাকে মিস করেছে, সেজন্যই বছরের শেষে ধামাকা দিতে চাই। যেহেতু নতুন সিনেমা নিয়ে আসছি, সেটার জন্য কোরবানির ঈদে আমাকে গ্যাপ দিতেই হয়েছে। ব্যাক টু ব্যাক চারটা কোরবানিতে আমার চারটা ছবি ব্লকবাস্টার হয়েছিল। আমি এবার হলে গিয়েছিলাম সিনেমা দেখতে, অথচ দর্শক বলছিল, ‘আপনাকে মিস করছি’। আশা করি বছরান্তে তাদের এই কষ্ট মুছে যাবে।” 

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল আজহায় চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটেছিল আফরান নিশোর এবং প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেছিলেন তিনি। সিনেমাটিতে নিশোর সঙ্গে রয়েছেন তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 

‘সুড়ঙ্গ ২’-তে নিশো তো থাকছেনই, তার সঙ্গে কারা থাকবেন, সে বিষয়ে এখনো খোলাসা করেননি নির্মাতারা। তবে ঘোষণা-ভিডিওতে নিশোর সংলাপ শুনেই দর্শক ভীষণ আগ্রহী হয়ে উঠেছেন। এখন দেখার পালা, সে আগ্রহের কতখানি মেটাতে পারে ছবিটি। 

ডিএ/কেআই