শুধু কণ্ঠ দিয়েই কেউ কেউ জয় করে ফেলেন কোটি মানুষের মন, অতিক্রম করেন কালের সীমানা। তেমনই এক কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। বাংলা গানের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও গুণী শিল্পী। তার জীবন, গান, চিন্তা, দর্শন নানা বিষয় এবার উঠে আসবে প্রামাণ্যচিত্রে।
‘গল্প আছে এখানে…’ নামের প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এতে খোলামেলা আলাপে তিনি তুলে এনেছেন সৈয়দ আব্দুল হাদীর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশা। একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার নানা অভিজ্ঞতা।
প্রামাণ্যচিত্রটি নিয়ে শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী যেমন একজন জনপ্রিয় শিল্পী, তেমনি তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি, সামাজিক পরিবর্তন এবং জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘গল্প আছে এখানে’-এর মাধ্যমে আমরা শুধু তার সাফল্যের গল্প নয়, বরং একজন শিল্পীর চিন্তা, দর্শন, মূল্যবোধ এবং সময়কে ধারণ করার চেষ্টা করেছি। নতুন প্রজন্মের জন্যও এটি হবে একজন জীবন্ত কিংবদন্তীর অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল।”

এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’ এবং সাবিনা ইয়াসমিনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন শাইখ সিরাজ।
আসন্ন ১ জুলাই সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। সে দিন বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘গল্প আছে এখানে…’।
কেআই
