আর মাত্র কয়েক ঘণ্টা পরই মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’। তারকাবহুল এই সিরিজটি মুক্তি ঘিরে দর্শকদের মাঝে যখন ব্যাপক আগ্রহ, তখনই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিলেন এই সিরিজটির গল্পকার ও প্রযোজক সৈয়দ আহমেদ শাওকী। বিশিষ্ট এই নির্মাতা জানালেন, ‘হেডলাইন’ এর গল্পই নাকি তার সবচেয়ে প্রিয়!
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে ২৫ জুন দিবাগত মুক্তি পাচ্ছে ‘হেডলাইন’। তার কয়েক ঘণ্টা আগে সিরিজটির একটি পোস্টার শেয়ার করে শাওকী লেখেন, ‘আউট অব অল দ্য স্টোরিজ উই হ্যাভ টোল্ড সো ফার, দিস ওয়ান ইজ মাই অ্যাবসলিউট ফেভারিট।’ অর্থাৎ, ‘এখন পর্যন্ত আমরা যত গল্প বলেছি, তার মধ্যে এটিই আমার সবচেয়ে প্রিয়।’
শাওকীর এই স্ট্যাটাসের সাথে প্রকাশ করা পোস্টারটিতে প্রধান চার তারকা জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু এবং সারিকা সাবরিনকে খবরের কাগজ ও প্রিন্টিং প্রেসের থিমে এক ফ্রেমে হাজির করা হয়েছে।
সব মিলিয়ে ‘তাকদীর’ বা ‘কারাগার’-এর মতো তুমুল আলোচিত সিরিজ উপহার দেওয়া এই প্রখ্যাত নির্মাতার কাছ থেকে এমন মন্তব্য আসার পর ‘হেডলাইন’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়ে যায়।
রহস্য, রোমাঞ্চ আর খবরের কাগজের আড়ালে লুকিয়ে থাকা কোনো এক গোপন সত্যের সন্ধানে নামছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহান। পরিচালক সালেহ সোাবহান অনীমের নির্মাণে ৮ পর্বের এই সিরিজে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে অনুসন্ধানী সাংবাদিকতা ও সত্যের খোঁজ। তবে এটি শুধু একটি ক্রাইম থ্রিলার বা সাংবাদিকতার গল্প নয়, এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর ফ্যামিলি ড্রামা ও মানুষের মনস্তাত্ত্বিক লড়াই।
ফিল্ম নয়ের প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন, আফসান আরা বিন্দু, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, অর্নিল বিরল, রায় রাজন্যা এবং ইন্তেখাব দিনার।
সিরিজটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও স্ক্রিনপ্লে যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী ও আয়মান আসিব শাহীন। এর সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ, আবহ সংগীতে ছিলেন রুসলান রেহমান এবং সম্পাদনার দায়িত্ব সামলেছেন পরিচালক অনীম নিজেই।
ডিএ
