বিজ্ঞাপন

দাদার সাম্রাজ্যে ‘নার্ভাস’ দেব, এলো প্রথম ঝলক

দাদার সাম্রাজ্যে ‘নার্ভাস’ দেব, এলো প্রথম ঝলক

ওপার বাংলার জনপ্রিয় শো ‘দাদাগিরি আনলিমিটেড’। ২০০৯ সাল থেকে পথ চলা শুরু করা এই রিয়েলিটি গেম শোর দীর্ঘ এক যুগেরও বেশি যাত্রায় অধিকাংশ সময় সঞ্চালনার মূল আকর্ষণ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। মাঝে শুধু তৃতীয় সিজনে দেখা গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তবে এবার আর জল্পনা নয়, সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি সত্যিই দাদাগিরির মঞ্চে মুখ বদল হতে চলেছে। সৌরভের ছেড়ে যাওয়া হট সিটে এবার নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলাবেন টলিউডের মেগাস্টার ও সাংসদ দীপক অধিকারী দেব।  

গত বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত এই শো-এর আসন্ন সিজনের দুর্দান্ত এক প্রোমো। সেখানে দেবকে নিয়ে সুন্দর একটি স্টোরিলাইনও তৈরি করা হয়। দেখা যাচ্ছে, দাদাগিরির অফার পাওয়ার পর মনের ভেতর বেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন দেব। যেখানে দেব এর একটি সংলাপ ছিল— 'কোথায় দাদা (সৌরভ গাঙ্গুলী) আর কোথায় আমি।' এখানেই শেষ নয়, অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় সঞ্চালক হিসেবে পরিচিত যীশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জির সংলাপ ছিল আরও মজার। দেবকে তারা বলছেন— 'আমরা পারলে তুমি কেন পারবে না?' 

সব মিলিয়ে নান্দনিক কিছু মুহূর্ত দিয়ে সাজানো এই প্রোমো বেশ আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। এই সংলাপগুলোর পর পরই দেবকে খানিকটা ভাব নিয়ে প্রস্ততি নিতে দেখা যায়। নতুন এই সিজনের মূল ট্যাগলাইন রাখা হয়েছে, "দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়!"

বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল, বিশেষ করে সৌরভ যখন ‘বিগ বস’-এর দায়িত্ব নেন, তখন থেকেই দর্শকদের মনে প্রশ্ন দানা বাঁধছিল, তবে কি এবার ‘দাদাগিরি’র দায়িত্ব হাতবদল হতে চলেছে? জল্পনা চললেও এতদিন শুধুই অবয়ব বা আলো-ছায়ার লুকোচুরি দেখা যাচ্ছিল। তবে এবার পুরোপুরি সামনে এলেন দেব।

এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে দেব লিখেছেন, “একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন জার্নি শুরু করছি।” 
ক্যাপশনে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি বাংলাকেও ট্যাগ করেছেন তিনি। অন্যদিকে অনেকদিন ধরেই বাংলার নানা প্রান্তে ঘুরে ঘুরে এই শো-এর অডিশন পর্ব শেষ হয়েছে, এখন শুধু ফ্লোরে ফেরার অপেক্ষা। 

ডিএ 

বিজ্ঞাপন