বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আধুনিক নগরজীবনের শব্দ, প্রযুক্তি ও সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন। ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক দিনব্যাপী এই বিশেষ আয়োজনটি হতে যাচ্ছে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।
একাডেমি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, শনিবার (২৭ জুন) সকাল ১১টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
এই আয়োজনকে মূলত দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে একটি বিশেষ কর্মশালা, যেখানে অংশগ্রহণকারীরা ইলেকট্রনিক সংগীতের মৌলিক ধারণা, সাউন্ড ডিজাইন, বিট–মেকিং, লাইভ সেটআপের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশলগুলো রপ্ত করতে পারবেন।
তরুণ ও উদীয়মান সংগীতশিল্পী, সাউন্ড আর্টিস্ট এবং সংগীতে আগ্রহী নতুন প্রজন্মের কাছে এই আধুনিক প্রযুক্তির কলাকৌশল তুলে ধরতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব ও হাসিব মাহমুদ।
কর্মশালা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শকদের জন্য থাকছে ইলেকট্রনিক সংগীতের জাদুকরী লাইভ পরিবেশনা। দেশের সমকালীন ইলেকট্রনিক মিউজিক চর্চায় যারা নিয়মিত সক্রিয়, সেই সমস্ত প্রতিভাবান শিল্পী ও সাউন্ড আর্টিস্টরা এই মঞ্চে তাদের চমৎকার সব পরিবেশনা পেশ করবেন।
বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পৃষ্ঠপোষকতায় এই জমকালো আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ ও প্রযোজনা বিভাগ। পুরো আয়োজনটিকে সুন্দরভাবে সফল করে তুলতে সার্বিক সহযোগিতায় যুক্ত রয়েছে ইলেকট্রনিক সংগীতশিল্পীদের সুপরিচিত সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’।
ডিএ
