কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহার করে বর্তমান সময়ের আধুনিক সাইবার অপরাধ এবং এর বিরুদ্ধে তিন প্রবীণের এক দুঃসাহসিক প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দাদী ভয়ঙ্কর’। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক— দুই দিকই এই পারিবারিক নাটকে ফুটিয়ে তুলেছেন নির্মাতা রাহাত কবির।
নাটকটিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি প্রবীণ তারকা দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও দেখা যাবে নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বীকে।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাহাত কবির জানান, এতে দিলারা জামান অভিনীত ‘দাদী’ চরিত্রটি বর্তমান যুগের ছেলে-মেয়েদের সাথে তাল মিলিয়ে চলতে চান। সবসময় একটু আধুনিক হওয়ার এই ইচ্ছায় তাকে সবসময় সাহায্য করে তার প্রিয় নাতি জায়ান, যে চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। জায়ানের সঙ্গে দাদীর সম্পর্কটা একদম বন্ধুর মতো এবং নাতিও দাদীর সব ধরনের আহ্লাদ ও আবদার সবসময় পূরণ করে।
আধুনিক হওয়ার প্রথম ধাপ হিসেবে জায়ান তার দাদীকে একটি ফেইসবুক অ্যাকাউন্ট খুলে দেয় এবং দাদীও সেটি নিয়মিত ব্যবহার শুরু করেন। ফেইসবুকের সহায়তায় দাদী খুঁজে পান তার স্কুল জীবনের পুরনো এক বন্ধুকে, যে চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত। কিন্তু একদিন ইন্টারনেটের এক চতুর প্রতারক চক্রের ফাঁদে পড়ে আশি বছর ছুঁইছুঁই এই দাদী তার জীবনের সমস্ত সঞ্চয় হারান। এই সর্বনাশের পর দাদী দমে না গিয়ে তার স্কুল জীবনের দুই প্রবীণ বন্ধু আবুল হায়াত ও ডলি জহুরকে সঙ্গে নিয়ে এক দুর্দান্ত প্রতিরোধ অভিযানে নেমে পড়েন। সেই টানটান উত্তেজনার গল্পই পর্দায় দেখতে পাবেন দর্শকরা।
বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। এরপর চূড়ান্ত সম্পাদনা শেষ করে প্রযোজনা প্রতিষ্ঠান এর মুক্তির তারিখ নির্ধারণ করবে। খুব শিগগিরই নাটকটি ‘এসআরকে টিভি’ এবং ‘এসআরকে টিভি প্লাস’ ইউটিউব চ্যানেলে একযোগে প্রচার করা হবে।
ডিএ
