বিজ্ঞাপন

ব্যান্ড নিয়ে দুই মাসের আমেরিকা ট্যুরে ইমরান

ব্যান্ড নিয়ে দুই মাসের আমেরিকা ট্যুরে ইমরান

দেশে তো বটেই, দেশের বাইরেও ইমরান মাহমুদুলের জনপ্রিয়তা কম নয়। প্রবাসী বাঙালিরা তার গান পছন্দ করেন বেশ। ফলে বিভিন্ন দেশে প্রায়ই তাকে ছুটতে হয়, গাইতে হয়। আর তাকে ঘিরে ভক্তদেরও জোয়ার দেখা যায়। এই তো কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ঘুরে এসেছেন। এবারের গন্তব্য আমেরিকা।

আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে মার্কিন মুলুকে গাইবে ইমরানের ব্যান্ড ‘আইকিংস’। আসন্ন এই সংগীত সফর নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন ইমরান। জানালেন, ২১ জুলাই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। আর ফিরবেন ২৯ সেপ্টেম্বর। এই সফরে এরই মধ্যে ১৫টির মতো কনসার্ট চূড়ান্ত হয়েছে। সংখ্যাটা আরো বাড়বে।

ইমরান বলেন, ‘দেশের বাইরের শো সবসময়ই অনেক ইন্টারেস্টিং। কারণ ওখানকার বাঙালি কমিউনিটি এসব শোয়ের আয়োজন করে, আর দেশের বাইরে গিয়ে আমরা বাঙালিদের গান শোনাই, এটা আমাদের জন্যও বড় ব্যাপার। তার ওপর সেটা যদি ফার্স্টক্লাস দেশ হয়, তাহলে তো আরও ভালো লাগে। কিছুদিন আগেই আমরা অস্ট্রেলিয়ায় শো করে এসেছি, দারুণ অভিজ্ঞতা হলো। এবার আমেরিকা যাচ্ছি। ১৫-১৬টা শো অলরেডি কনফার্ম, আরও বাড়তে পারে।’  

'আইকিংস'-এর সদস্যরা

‘বলতে বলতে চলতে চলতে’ গায়ক বলেন, ‘আমেরিকা বিশাল দেশ, একেক অঙ্গরাজ্যে একেক ধরনের কমিউনিটি, তাদের ভিন্ন ভিন্ন কালচার। সেখানে বাঙালিদের সঙ্গে অন্যান্য দেশের মানুষও গান শুনতে আসেন। একেক দেশের মানুষের কথা ভেবে একেকরকম কম্পোজিশন করি আমরা। যাতে সবাই গানগুলো উপভোগ করতে পারেন।’

বিদেশ ট্যুর প্রসঙ্গে আরো একটি বিষয় জানালেন শিল্পী, তিনি নিজের ব্যান্ড নিয়েই সফরগুলো করছেন। ইমরানের ভাষ্য, ‘আমি আমার ব্যান্ড নিয়েই ট্যুরগুলো করছি। এতে গানগুলো প্রপার কম্পোজিশনে শুনতে পারছেন প্রবাসী শ্রোতারা। সামনে আরো অনেক দেশে শোয়ের ব্যাপারে কথা চলছে, মালয়েশিয়ায় বড় একটা শো হবে। আগামী বছর ইউরোপ ট্যুরেও যাওয়ার পরিকল্পনা করছি।’  

মঞ্চে 'আইকিংস'

‘আইকিংস’ ব্যান্ডে ইমরান রয়েছেন কণ্ঠে; অন্য সদস্যরা হলেন—সজল কুমার সাহা (ড্রামস), কাইয়ুম খান (কিবোর্ড), রাজীব ঘোষ (লিড গিটার) ও জাহাঙ্গীর আলম জনি (বেজ গিটার)।

কেআই