বিখ্যাত কেউ নন বটে, কিন্তু তার মুখটা অনেকেরই চেনা। বলিউডের বেশ কয়েকটি আলোচিত ছবি-সিরিজে দেখা গেছে তাকে। নিজের চরিত্রে অভিনয়টাও দারুণ করেছেন। তিনি সতেন্দ্র সোনি। ২০২৪ সালের আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’ দিয়ে বিশেষভাবে নজর কেড়েছেন।
সেই সতেন্দ্র এবার আলোচনায় ভিন্ন ইস্যুতে। ইনস্টাগ্রামে কান্না জড়ানো একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। জানালেন, নতুন একটি ছবির কাজ করতে গিয়ে পরিচালকের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। সেই সঙ্গে পূর্ণাঙ্গ পারিশ্রমিক থেকেও নাকি বঞ্চিত হয়েছেন তিনি।

কান্না জড়ানো কণ্ঠে সতেন্দ্র বলেন, “আমার নাম সতেন্দ্র সোনি। আমি একজন অভিনেতা। একটি ছবির শুটিংয়ের জন্য এখানে এসেছিলাম। ছবির পরিচালক পুষ্পেন্দ্র জি। তিনি আমাকে ৫০ হাজার রুপি সাইনিং অ্যামাউন্ট দিয়ে বলেছিলেন, শুটিং শেষ হলে বাকি টাকা দেওয়া হবে। আজ আট দিনের শুটিং শেষ হয়েছে। আমি যখন পারিশ্রমিকের কথা বললাম, তখন তিনি আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন। এমনকি এটাও বলেন, ‘তোমাকে যেন আর হোটেলে না দেখি।’ মারধরেরও হুমকি দিয়েছেন।”
এরপরের অভিযোগ আরও গুরুতর। সতেন্দ্রর দাবি, পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান গাড়ি নিয়ে ধাওয়া করেন এবং রাস্তার মাঝেই তাকে মারধর করেন। তার ভাষ্য, ‘আমরা তিনজন হাঁটছিলাম। তখন তারা গাড়ি নিয়ে আমাদের পিছু নেয়। আমাকে দেখে পরিচালক পুষ্পেন্দ্র সিং এবং তার স্ত্রী প্রগতি চৌহান রাস্তার মাঝখানেই মারধর শুরু করেন। শ্রীধর ভাইয়া আমাকে বাঁচাতে এগিয়ে এলে পরিচালক তাকেও মারধর করেন।’

বিষয়টি নিয়ে পরিচালক পুষ্পেন্দ্র সিং এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
নিরুপায় হয়ে মধ্যপ্রদেশের ওই এলাকা থেকে মুম্বাই ফিরে যান সতেন্দ্র। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন অভিনেতা।
কেআই
