দেশের গণ্ডি পেরিয়ে এবার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মন জয় করে নিল বাংলাদেশি সিনেমা ‘দিলুপি’। তরুণ নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত এই প্রশংসিত চলচ্চিত্রটি দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের এই প্রভাবশালী পরিচালক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগ কাশ্যপের একটি বার্তা শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক তৌকির ইসলাম। ক্যাপশনে তিনি লেখেন, ‘যখন অনুরাগ কাশ্যপ ‘দিলুপি’ দেখেন এবং তার মূল্যবান চিন্তাভাবনা শেয়ার করেন! নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি না।’
সিনেমোটি দেখার পর ‘দিলুপি’র ভূয়সী প্রশংসা করে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘শাসনব্যবস্থা পরিবর্তনের পর বন্যায় বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দিলুপি গ্রামের একেবারে ক্ষুদ্রতম স্তরের পাওয়ার প্লে (ক্ষমতার খেলা)।’
অনুরাগ ক্যশপের কথায়, ‘খুবই মানবিক এবং মনে হয়েছে আমাদের নিজেদেরই পেছনের উঠোন, দারুণ লেগেছে। একটি ছোট গ্রাম যেন পুরো দেশের রূপক হয়ে উঠেছে। বাঁধ পুনর্নির্মাণ করা যেন কোনো সম্পদ ছাড়াই শূন্য থেকে দেশ পুনর্নির্মাণের মতো। আমাকে এমনভাবে নাড়া দিয়েছে যা আমি বর্ণনা করতে পারব না।’
উল্লেখ্য, মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত ‘দিলুপি’ সিনেমাটি ইতিমধ্যেই বিভিন্ন মহলে বেশ প্রশংসিত হয়েছে। চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বন্যা-বিধ্বস্ত এবং রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একটি প্রত্যন্ত গ্রামের দৃশ্যপটকে কেন্দ্র করে।
যেখানে স্থানীয় সাধারণ মানুষ একতা, প্রেম ও তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে সমাজের দুর্নীতি ও হতাশার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। অনুরাগ কাশ্যপের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতার এই প্রশংসা সিনেমাটির ঝুলিতে এক নতুন পালক যুক্ত করল।
এমআইকে
