বিজ্ঞাপন

মুস্তাফা মনোয়ারের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, বনানীতে দাফন

মুস্তাফা মনোয়ারের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, বনানীতে দাফন

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়ে অবশেষে চলেই গেলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। আজ সকালে প্রয়াত হয়েছেন তিনি। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে তার জানাজা ও দাফনের সিদ্ধান্ত।

মুস্তাফা মনোয়ারের ছেলে সাদাত মনোয়ার জানান, আগামীকাল মঙ্গলবার শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শিল্পীর মরদেহ রাখা হবে। এরপর দাফন করা হবে বনানী কবরস্থানে।

রাজধানীর একটি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদাত জানান, ধানমন্ডির তাকওয়া মসজিদ থেকে গোসল সেরে দুপুর ১২ টায় শিল্পীকে নিজ বাসভবনে আনা হয়েছে। এখানে বিকেল পর্যন্ত মরদেহ থাকবে। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর পর হাসপাতালের হিমঘরে রাখা হবে।

তিনি আরও জানান, আগামীকাল সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বপ্রথমে নেওয়া হবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে রাখা হবে।

শহীদ মিনার থেকে মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। জানাজা শেষে মরদেহ আধা ঘণ্টার জন্য নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

সবশেষে বিকালে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে শিল্পীকে।

উল্লেখ্য, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার। টিভি পর্দায় চিত্রশিল্পের বিকাশেও তার ভূমিকা অগ্রগণ্য। দীর্ঘদিন ধরে ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগেছিলেন তিনি। আজ শেষমেশ চলেই গেলেন না ফেরার দেশে।

কেআই

বিজ্ঞাপন