বাংলা গানে অন্যতম জনপ্রিয় চরিত্র ‘অঞ্জনা’। এ চরিত্রটি নিয়ে অর্ধশতাধিক গান গেয়েছেন মনির খান। পেয়েছে তুমুল জনপ্রিয়তাও। এই ‘অঞ্জনা’র স্রষ্টা মিল্টন খন্দকার, এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
আজ সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মিল্টন। জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন। বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন শিল্পী।

মিল্টন খন্দকার বলেন, ‘হাসপাতালে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে আমার অপারেশন হবে। আমার প্রিয়জন ও অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’
চার দশকেরও বেশি সময় ধরে গান করছেন মিল্টন খন্দকার। মূলত গীতিকার ও সুরকার হিসেবেই তার খ্যাতি। তার লেখা-সুরে বহু গান শ্রোতাপ্রিয় ও কালজয়ী হয়েছে। এ তালিকায় ‘অঞ্জনা’ ছাড়াও রয়েছে ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাব’, ‘তোমরা কাউকে বোলো না’, ‘আমি যে তোমার কে’ ইত্যাদি। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
কেআই
