দেশের শীর্ষস্থানীয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এ নতুন ট্যুরিং ভোকাল হিসেবে তরুণ ও প্রতিভাবান মিউজিশিয়ান বখতিয়ার হোসাইনের যুক্ত হওয়ার খবরটি কদিন আগেই বেশ শোরগোল ফেলেছিল দেশের ব্যান্ড সংগীতাঙ্গনে। তবে এই আনন্দের খবরের রেশ কাটতে না কাটতেই নিজের পুরোনো ব্যান্ড ‘বে অব বেঙ্গল’ ছাড়ার নেপথ্য কারণ ও ব্যান্ডটির বর্তমান কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়েছেন বখতিয়ার। যেখানে ক্ষোভ, অভিমান আর একরাশ হতাশা ফুটে উঠেছে এই গায়কের কণ্ঠে।
নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক দীর্ঘ পোস্টে বখতিয়ার হোসাইন লিখেছেন, ‘‘বে অব বেঙ্গল’ থেকে আমি ৫ মাস আগে সরে এসেছি। ব্যান্ড ছাড়ার পরও আমার কোনরকম অবগতি ছাড়াই ব্যান্ডের পেইজ থেকে পোস্ট দেওয়া হয় যে আমি ব্যান্ড ছাড়ছিনা। এতে আমি নিতান্তই হতবাক হই। আমি ব্যান্ড ছাড়ছিনা এই সিদ্ধান্ত আমি ছাড়া ব্যান্ডের অন্য কেউ আসলে নিতে বা দিতে পারেনা। ব্যান্ডের সবাই আমার বন্ধু, ভাই।’
দীর্ঘ ১৫ বছর ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের জন্য নিজের মেধা ও শ্রম ঢেলে দিয়েছেন উল্লেখ করে বখতিয়ার বলেন, ‘‘বে অব বেঙ্গল’ এর শুধু দুটো গান লিখেছেন ব্যান্ডের বাইরের দুজন রচয়িতা; এছাড়া ব্যান্ডের বাকি প্রতিটি গানই আমার লেখা, সুর করা, এবং বেশিরভাগ মিউজিক কম্পোজিশন প্রায় পুরোটাই আমার করা। এছাড়াও এলবাম বা গান রিলিজ সংক্রান্ত যাবতীয় সবকিছুই আমাকে একা হাতে সামলাতে হতো। প্রতিটা মিউজিক ভিডিও, লিরিক ভিডিও, আমার (আইডিয়া), ডিরেকশন, এডিটিং, এসকল শ্রমের ফসল।’
এতদিনের চেনা ও ভালোবাসার আঙিনা ছাড়ার পেছনের কারণগুলো আড়ালেই রাখতে চান এই মিউজিশিয়ান। সবার সম্মান বজায় রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত জানিয়ে তিনি লেখেন, ‘কি সব কারণে আমার এতদিনের মায়ায় গড়া জায়গাটা বাধ্য হয়ে ছেড়ে আসতে হলো সেসব কারণ সবার সামনে দর্শানোর প্রয়োজন বোধ করিনি। তা আমাদের সবার সম্মান রক্ষার্থেই। আমি আগেই ব্যান্ডের সবাইকে জানিয়ে দিয়েছি, সঙ্গত কারণেই আমাদের আর একসাথে মিউজিক করা সম্ভব নয়, এবং আবার বলছি সেটা ৫ মাস আগের কথা। সেই হিসেবে আমি ব্যান্ডে থাকছিনা এটা কনফার্ম করা একটা পোস্ট ব্যান্ডের পেইজ থেকে ৫ মাস আগেই আশা উচিত ছিলো। নতুন সদস্য নিয়েই ব্যান্ড এগোবে এ ব্যাপারে আমার সাথে তাদের সিদ্ধান্তও হয়েছে আরো আগেই।’
ব্যান্ডের বর্তমান কিছু কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করে বখতিয়ার আরও লেখেন, ‘এতদিন পর ঠিক এই সময় এসে, আমাকে বে অব বেঙ্গল এর ফ্রন্টম্যান আখ্যা দিয়ে, আমার বর্তমান মিউজিক্যাল একটিভিটির কথা উল্লেখ করে, ব্যান্ডে না থাকার ব্যাপারে ব্যান্ডের পেইজ থেকে পোষ্ট দিয়ে জানানোটা সত্যিই দুঃখজনক। এটা হওয়া উচিত ছিলো আরো আগেই। কারণ, আমার বর্তমান একটিভিটির সাথে ব্যান্ড ছাড়ার কোন সম্পর্ক নেই সেটা ব্যান্ডের সদস্যরা খুব ভালোভাবেই অবগত।’
হঠাৎ ব্যান্ড ছাড়ার পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যখন নিতান্তই বাধ্য হয়ে আমি ব্যান্ড ছাড়ি, আমার কাছে অন্য কোন ব্যান্ডের প্রোপোজাল ছিলোনা, না আমার কোনদিন সোলো মিউজিক করারও প্রয়াশ ছিলো। বরঞ্চ, ৫ মাস আগে, আমি ‘বে অব বেঙ্গল’ ছাড়ছিনা এমন পোস্ট ব্যান্ড পেইজ থেকে আসায় আমার অন্যদিকে মিউজিক করার সম্ভাবনাই ম্লান হয়ে যায়। আমার কেবলই মনে হয়েছে আমার মিউজিক করাটাতো থেমে যেতে পারেনা, যেভাবেই হোক অন্তত মিউজকটা করব।’
তবে পুরোনো সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বখতিয়ার। নিজের তৈরি গান নিয়ে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়ে পোস্টের শেষে তিনি লেখেন, ‘অবশেষে মে মাসে আমি সিদ্ধান্ত নেই যে আমি লাইভ ব্যান্ড লাইনাপ করবো আমার সোলো প্রজেক্ট হিসেবেই, এবং সেটা আমি আমার পেইজ ও একাউন্ট থেকে অফিসিয়ালি মে মাসেই এনাউন্স করি। মিউজিক আমার ভালোবাসা ও পেশা দুটোই। সেই জায়গায় ৫ মাস আমি মিউজিকের বাইরে। আমার কোন কূলকিনারাই ছিলোনা যখন আমি ব্যান্ড ছাড়ি। আমার পরিবার, আমার সন্তানের দায়ভারতো দিনশেষে একান্তই আমার। আমার তৈরী সকল গান আর মিউজিক আমি করে যাবো। ‘বে অব বেঙ্গল’ এর নতুন যাত্রা সুন্দর ও সঙ্গীতময় হোক।’
এমআইকে
