বিজ্ঞাপন

যশের ‘টক্সিক’ কি বাংলাদেশে মুক্তি পাবে?

যশের ‘টক্সিক’ কি বাংলাদেশে মুক্তি পাবে?

‘কেজিএফ’-এর আকাশচুম্বী সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে আসছেন কন্নড় তারকা যশ। ‘টক্সিক’ ছবিটি মুক্তি পাবে ২৮ আগস্ট। ইতোপূর্বে টিজার দিয়ে অন্তর্জালে ঝড় তুলেছে ছবিটি। অনেকেই দেখার আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু বাংলাদেশে কি আসবে এই ছবি?

গত কয়েক বছরে দেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি আমদানি করে মুক্তি দিয়েছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। তিনি জানালেন, ‘টক্সিক’ দেশে আনার জন্য চেষ্টা করছেন।

বুধবার সন্ধ্যায় এক ফেসবুক বার্তায় মামুন বলেন, “টক্সিক’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে রিলিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমদানি-রপ্তানি কমিটি না থাকায় সকল পেপারস রেডি করেও আবেদন করতে পারিনি। কাল (বৃহস্পতিবার) কমিটি দেয়ার সম্ভাবনা আছে। দিলে কাল আবেদন করব।”

নানা বিতর্কের পরও কেন ভারতীয় ছবি আমদানি? সে বিষয়ও পরিষ্কার করেছেন মামুন। তার ভাষ্য, ‘উৎসবের বাইরে হলগুলো বাঁচানোর জন্য বিদেশি ছবি ছাড়া কোনো উপায় নেই।’

মামুনের কথার যৌক্তিকতাও কম নয়। ঈদুল আজহার এক মাস পেরিয়ে গেছে। এর মধ্যে নতুন কোনো ছবি এখনো প্রেক্ষাগৃহে আসেনি। আবার ঈদের ছবিও দর্শকের আগ্রহ ধরে রাখতে পারেনি। ফলে প্রেক্ষাগৃহগুলো সিনেমা ও দর্শক দুটোর খরায় ভুগছে।

উল্লেখ্য, গীতু মোহনদাসের ‘টক্সিক’-এ যশ আছেন দ্বৈত চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত প্রমুখ।

কেআই