দেড় দশকেরও বেশি সময় ধরে গানের নিয়মিত মানুষ বেলাল খান। দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আজ শিল্পীর জন্মদিন। বিশেষ দিনে তার খোঁজ নিয়েছেন ইব্রাহীম জাহিদ।
ঢাকা পোস্ট: শুভ জন্মদিন, কেমন আছেন?
বেলাল খান: থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছি।
ঢাকা পোস্ট: কী করছেন আজকাল?
বেলাল খান: এই তো চলছে। গতকাল রাতেও 'বাংলাভিশন'-এ একটা লাইভ অনুষ্ঠান ছিল। সেখানে গান করলাম। এখন (আলাপের সময়) ঘুম থেকে উঠলাম।
ঢাকা পোস্ট: ফেসবুক পোস্টে জানালেন, শরীরটা ভালো নেই। কী হয়েছে?
বেলাল খান: জ্বর ও ঠাণ্ডা। সে কারণেই শরীরটা ভালো নেই। আসলে একটানা ট্রাভেলের ওপর ছিলাম—গ্রামের বাড়ি গিয়েছিলাম, আবার দুবাইও ছিলাম। দেশে আসার পর এই গরমের মধ্যে ঠান্ডা লেগে গিয়েছিল। ওই ঠাণ্ডা নিয়েই গতকাল লাইভ অনুষ্ঠানটি করতে হয়েছে।
ঢাকা পোস্ট: নতুন গানের ব্যস্ততা কেমন?
বেলাল খান: অসুস্থ হলেও নতুন গানের কাজেই ব্যস্ত আছি। খুব শিগগিরই ভিডিওর শুটিংয়ে যাব। আর ঈদে তো পড়শীর সঙ্গে আমার নতুন গান রিলিজ হলো।
ঢাকা পোস্ট: হ্যাঁ। পড়শীর সঙ্গে তো আপনার আগেও গান হয়েছে। এই গান থেকে কেমন সাড়া পেলেন?
বেলাল খান: খুবই ভালো রেসপন্স পাচ্ছি। প্রচুর মানুষ গানটি পছন্দ করেছেন। এমনকি ইদানিং বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গেলেও শ্রোতারা ফোন করে এ গানটি শোনার জন্য অনুরোধ জানান।

ঢাকা পোস্ট: তাহলে সামনে কী আসতে চলেছে?
বেলাল খান: লিজার সঙ্গে বেশ ক’বছর আগে 'পাখি' গানটি হিট হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আরেকটি নতুন গান করছি। আশা করছি, বিশ্বকাপের পরে কিংবা শেষের দিকে গানটি রিলিজ করতে পারব। বর্তমানে এটা নিয়েই ব্যস্ততা এবং শুটিংয়ের প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি আরও কিছু গানের কাজও চলমান রয়েছে।
এমআইকে/কেআই
