বিজ্ঞাপন

শি জিনপিংকে নিয়ে কৌতুক করে নিষিদ্ধ হয়েছিলেন এই কমেডিয়ান

শি জিনপিংকে নিয়ে কৌতুক করে নিষিদ্ধ হয়েছিলেন এই কমেডিয়ান

চীনের অন্যতম জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান চিজি। একসময় ছিলেন দেশটির কমেডি জগতের সুপারস্টার। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সরকারের বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে কৌতুক করায় ২০২৩ সালে নিজ দেশেই পারফর্ম করার সুযোগ হারান তিনি। বর্তমানে চীনের বাইরে বসবাস করে বিশ্বের বিভিন্ন দেশে থাকা চীনা ভাষাভাষী দর্শকদের সামনে নিয়মিত শো করছেন এই কমেডিয়ান। 

চিজির আসল নাম ওয়াং ইউয়েচি। সম্প্রতি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে আয়োজিত এক স্ট্যান্ড-আপ শোতে শি জিনপিংয়ের দীর্ঘদিনের ক্ষমতায় থাকা নিয়ে কৌতুক করেন চিজি। 

অবশ্য তিনি সরাসরি শি জিনপিংয়ের নাম উচ্চারণ না করে তাকে দেশটির খ্যাতনামা সংগীতশিল্পী ও ফার্স্ট লেডি পেং লিউয়ানের 'স্বামী' বলে উল্লেখ করেন। তার এই কৌতুকে মিলনায়তনজুড়ে হাসির রোল পড়ে এবং দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

চীনের ভেতরে দেশটির শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রকাশ্যে কৌতুক করা প্রায় অকল্পনীয়। তবে দেশের বাইরে অনুষ্ঠিত এই শোতে উপস্থিত সিঙ্গাপুরের চীনা বংশোদ্ভূত বাসিন্দা ও চীন থেকে আসা দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পান তিনি।

চিজির নিষিদ্ধ হওয়ার ঘটনা শুরু হয় ২০২৩ সালে উত্তর আমেরিকা সফরের সময়। চীনা-আমেরিকান কমেডিয়ান জো ওয়াংয়ের সঙ্গে একাধিক শোতে তিনি চীনের কঠোর সেন্সরশিপ, উগ্র জাতীয়তাবাদ, সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার, হংকং ও তাইওয়ানসহ বিভিন্ন রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। ওই সফরের মাঝেই তিনি জানতে পারেন, চীনে তার পারফর্মের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বেইজিং কখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

নিষেধাজ্ঞার পর চীন ছেড়ে বিদেশে বসবাস শুরু করেন চিজি। সম্প্রতি সামাজিক মাধ্যম তিনি লিখেছেন, 'চীনে আমার মুখমণ্ডলকে এমন এক গোপন অঙ্গের মতো দেখানো হয়, যা দেখানো যায় না।'

দীর্ঘ বিরতির পর গত এপ্রিল থেকে নতুন বিশ্ব সফর শুরু করেছেন ৩০ বছর বয়সী এই কমেডিয়ান। টোকিও, তাইপেই, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত তার প্রতিটি শোয়ের টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যেসব বিষয়ে ঝুঁকি বা বিপদ আছে, সেগুলোতেই আমি আগ্রহ পাই।'

২০১৫ সালে ওপেন মাইকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা চিজি অল্প সময়েই চীনের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ড-আপ শিল্পীদের একজন হয়ে ওঠেন। তবে কঠোর সেন্সরশিপের কারণে তাকে বারবার নিজের স্ক্রিপ্ট পরিবর্তন করতে হতো। যেসব কৌতুক বলতে পারতেন না, সেগুলো তিনি 'যেসব কথা আমি বলতে পারি না' নামে একটি ফোল্ডারে সংরক্ষণ করে রাখতেন।

বর্তমানে নিজ দেশে মঞ্চে ওঠার সুযোগ না থাকলেও বিদেশে থাকা চীনা ভাষাভাষী দর্শকদের সামনে পারফর্ম করেই নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছেন চিজি। ভবিষ্যতে তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উত্তর আমেরিকায়ও এই ট্যুর নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

ডিএ

বিজ্ঞাপন