বিজ্ঞাপন

থালাপতি বিজয়ের শেষ সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি

থালাপতি বিজয়ের শেষ সিনেমার দৃশ্য নিয়ে আপত্তি

তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা 'জন নয়াগন' আগামী জুলাইয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ সিনেমাটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে চূড়ান্ত সেন্সর সার্টিফিকেট পেতে পারে। দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে থাকার পর অবশেষে সিনেমাটি মুক্তির আলো দেখতে যাচ্ছে। 

সিনেমার মুক্তি বিলম্বিত হওয়ার কারণ সম্পর্কে এর প্রযোজক ও কেভিএন প্রডাকশনসের প্রতিষ্ঠাতা ভেঙ্কট কে নারায়ণ সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। বলেছেন, আমরা সবাই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষা করছি। তবে আমাদের কিছু আইনি প্রক্রিয়া মেনে চলতে হচ্ছে। সিবিএফসির চূড়ান্ত ছাড়পত্র পেলেই আমরা এটি প্রেক্ষাগৃহে নিয়ে আসব।

প্রযোজক ভেঙ্কট জানান, গত বছরের ডিসেম্বরে তারা সেন্সর সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন। তখন প্রাথমিক যাচাই কমিটি সিনেমাটি দেখে কিছু দৃশ্য কাটার পরামর্শ দেয় এবং 'ইউ/এ ১৬+' গ্রেডে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

সেই অনুযায়ী চলতি বছরের ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু পরবর্তীতে যাচাই কমিটিরই এক সদস্য ভারতের সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশীর কাছে সিনেমাটির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান। এর ফলে সার্টিফিকেট স্থগিত করে বিষয়টি রিভিশন কমিটির কাছে পাঠানো হয়।

সেন্সর বোর্ডের এই বিলম্বের বিরুদ্ধে সিনেমাটির পরিচালক প্রথমে মাদ্রাজ হাইকোর্ট এবং পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এছাড়া ভারতে নির্বাচনী আচরণবিধির কারণেও সিনেমাটির ছাড়পত্র পেতে দেরি হয় বলে সূত্র জানিয়েছে।

এইচ বিনোদ পরিচালিত এই সিনেমায় বিজয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল এবং মামিতা বাইজু। এর মাঝেই অনলাইনে সিনেমাটি অবৈধভাবে ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

ডিএ

বিজ্ঞাপন