বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের দীর্ঘ সময় পর তাদের খোরপোশ সংক্রান্ত বহুল আলোচিত এক গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন সুজানের বোন ফারাহ খান আলি। জানিয়েছেন, বিচ্ছেদের পর হৃতিকের কাছ থেকে সুজানের ৪০০ কোটি রুপি খোরপোশ নেওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গহনা ডিজাইনার ফারাহ খান আলি জানান, হৃতিক ও সুজানের বিচ্ছেদ হয়েছিল সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।
দীর্ঘদিনের এই গুঞ্জন নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আজও যখন অনেকে বলেন সুজান ৪০০ কোটি রুপি পেয়েছেন, তখন সত্যিই খুব খারাপ লাগে। কারণ এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সুজান হৃতিকের কাছ থেকে কোনো টাকা নেননি। তারা অত্যন্ত পরিপক্ব মানুষের মতো পরিস্থিতি সামলেছেন এবং এই বিচ্ছেদে কোনো খোরপোশের বিষয়ই ছিল না।
ফারাহ আরও জানান, সম্পর্ক ভেঙে গেলেও হৃতিকের সঙ্গে সুজান এবং তার পরিবারের সম্পর্ক এখনো বেশ ভালো। হৃতিকের বাবা-মা রাকেশ রোশন ও পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের যোগাযোগ ও পারস্পরিক শ্রদ্ধা আগের মতোই বজায় রয়েছে।
২০০০ সালের ২০ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হৃতিক রোশন ও সুজান খান। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সে সময় বলিউডের এই হাই-প্রোফাইল বিচ্ছেদ নিয়ে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়, যার মধ্যে ৪০০ কোটি রুপির খোরপোশের বিষয়টি সবচেয়ে বেশি চর্চিত ছিল।
বিচ্ছেদের পর সুজানকে এই গুজবের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার পরামর্শ দিয়েছিলেন ফারাহ। তবে সুজান তাতে রাজি হননি। ফারাহর ভাষ্যমতে, সুজান তখন জানিয়েছিলেন যে বাইরের মানুষ তার সম্পর্কে কী ভাবল, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। অপরিচিত কারও মন্তব্যকে তিনি নিজের জীবনে কখনো প্রাধান্য দেননি।
ডিএ
