চেহারাটা অনেকেরই চেনা। জনপ্রিয় বেশ কিছু সিনেমা তার ঝুলিতে। অভিনয়ে যেমন সফল, মুগ্ধতা ছড়িয়েছেন নির্মাণেও। তিনি জেসি আইজেনবার্গ। হলিউডের জনপ্রিয় এই তারকা এবার খোদ হলিউডই ছেড়ে দিচ্ছেন!
হ্যাঁ, দিন কয়েকের মধ্যেই পোল্যান্ডের নাগরিকত্ব নেবেন জেসি। আর এখন থেকে কাজও করবেন ইউরোপে। কারণ, তিনি যে ধরনের ছবি করতে চান, সেগুলো আমেরিকায় তৈরি করা কঠিন হয়ে পড়ছে ক্রমশ।
চেক প্রজাতন্ত্রে চলমান ‘কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ শনিবার খবরটি জানান এই অভিনেতা, লেখক ও পরিচালক। সে সময় সেখানে উপস্থিত দর্শক-শুভানুধ্যায়ীরা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানান। উৎসবে রিচার্ড আয়োডের পরিচালনায় এবং আইজেনবার্গ অভিনীত ‘দ্য ডাবল’ সিনেমাটির প্রদর্শনীর আগে তাকে উৎসবের সম্মানজনক ‘প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়।
চেক উৎসবের মূল কেন্দ্র ‘হোটেল থার্মাল’-এর গ্র্যান্ড হলে পুরস্কারের ট্রফি হাতে নিয়ে আইজেনবার্গ বলেন, ‘এই মুহূর্তে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য ভীষণ অর্থবহ। কারণ ঠিক এক সপ্তাহ পরই আমি পোল্যান্ডের নাগরিকত্ব পাচ্ছি। পারিবারিক ঐতিহ্যের টানে তো বটেই, পাশাপাশি আমি আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ ইউরোপে, বিশেষ করে মধ্য ইউরোপে কাজের পেছনে ব্যয় করতে চাই।’

আইজেনবার্গ আরও বলেন, ‘আমেরিকায় আমি যে ধরনের সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করি—যেমন মানবিক গল্পের, ভিন্নধর্মী মাঝারি বাজেটের সিনেমা; সেগুলো তৈরি করা ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়েছে। কিন্তু ইউরোপে এই ধরণের সিনেমাগুলো দারুণভাবে টিকে আছে এবং প্রশংসিত হচ্ছে।’
৩ জুলাই পর্দা উঠেছে কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮০তম আসরের। বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের আই আসর চলবে ১১ জুলাই পর্যন্ত। এবার আকর্ষণের কেন্দ্রে থাকা অন্যতম তারকা আইজেনবার্গ।
উৎসবে তার অভিনীত ‘দ্য ডাবল’ প্রদর্শিত হচ্ছে। আর সেখানেই প্রথমবারের মতো ছবিটি দেখেছেন তিনি। রসিকতা করে আইজেনবার্গ বলেন, ‘নিজের মুখ পর্দায় দেখতে পারি না আমি!’
এদিকে বর্তমানে আইজেনবার্গের হাতে রয়েছে ‘দ্য ডেব্যু’। এটি নির্মাণ করেছেন তিনি, অভিনয়ে আছেন জুলিয়ান ম্যুর ও পল জিয়ামাটি। স্বাধীন ছবির বিখ্যাত প্রতিষ্ঠান এ২৪-এর প্রযোজনায় এ বছরের শেষ দিকে মুক্তি পাবে।
কেআই
