বিজ্ঞাপন

বখতিয়ারের কণ্ঠে ‘আর্টসেল’-এর গান, কী বলছেন শ্রোতারা?

বখতিয়ারের কণ্ঠে ‘আর্টসেল’-এর গান, কী বলছেন শ্রোতারা?

দেশের অন্যতম শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’। শুরু থেকে দীর্ঘ ২৭ বছর ধরে দলটির কণ্ঠস্বর ছিলেন লিংকন ডি কস্তা। তার গিটার বাজানর সঙ্গে ঝাঁজালো পরিবেশনা ব্যান্ডটিকে করে তুলেছে অনন্য।

তবে সম্প্রতি ‘আর্টসেল’-এ এসেছে পরিবর্তন। ব্যক্তিগত কারণে কানাডায় থাকার কারণে লিংকনের বদলে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে দলটিতে যোগ দিয়েছেন বখতিয়ার হোসাইন। যিনি ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের গায়ক হিসেবে পরিচিত। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই নানারকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে লিংকন জানান, ভক্তরা যেন ‘আর্টসেল’-এর পারফর্মেন্স থেকে বঞ্চিত না হন, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভোকাল নিয়ে ১০ জুলাই মঞ্চে উঠবে ‘আর্টসেল’। গাইবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ। যেখানে তারা ছাড়াও পারফর্ম করবে ‘অর্থহীন’, ‘ব্ল্যাক’, ‘ক্রিপটিক ফেইট’, ‘নেমেসিস’, ‘পাওয়ারহাউজ’, ‘লেভেল ফাইভ’ ও ‘রকসল্ট’।

এদিকে ‘আর্টসেল’-এর হয়ে প্রথম কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন বখতিয়ার। সময় দিচ্ছেন জ্যামিংয়ে। ওই অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ব্যান্ডের পেজে। তাতে বখতিয়ারের কণ্ঠে শোনা যাচ্ছে ‘আর্টসেল’-এর গান।

ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে মিলছে শ্রোতাদের প্রতিক্রিয়া। একজন মন্তব্য করেছেন, ‘মিজানকে ভোকালিস্ট হিসেবে নিলে ভালো হতো’; আরেকজনের মতে, ‘আর্টসেলের হয়ে লিংকনের পারফর্মেন্সের কোনো বিকল্প নেই, কেউই তার জায়গা নিতে পারবে না’; অন্য একজন লিখেছেন, ‘লিংকন ভাইকে ছাড়া আর্টসেল! কল্পনা করা যায়?’

তবে কেউ কেউ আবার এ-ও বলছেন, লিংকনের পরিপূরক না হলেও ‘আর্টসেল’-এ ভালো কিছুই যুক্ত করবে বখতিয়ারের পারফর্মেন্স। এক অনুসারীর মন্তব্য, ‘ব্যান্ডের স্বকীয়তা নষ্ট হলেও বখতিয়ার মানেই ভালো কিছু’; আরেকজন আশাবাদ ব্যক্ত করেছেন, ‘হয়তো এবার নতুন কিছু গান শুনব’; অন্য একজন মুগ্ধতা জানিয়ে লিখেছেন, ‘প্রত্যেকটা বিট উপভোগ করেছি। লিংকন নিজের জায়গায় কিংবদন্তি, আবার বখতিয়ারও মনে রাখার মতো।’

বখতিয়ারকে নিয়ে নতুন 'আর্টসেল'

প্রসঙ্গত, ২৪ জুন একটি ভিডিও বার্তার মাধ্যমে ‘আর্টসেল’-এ পরিবর্তনের খবরটি সামনে আনেন ব্যান্ডটির সদস্যরা। ওই বার্তায় লিংকন বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা। গত ২৭ বছরে আমি কখনও আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি। কিন্তু জীবনের চলার পথে এমন কিছু পরিস্থিতি আসে যা এড়ানো যায় না। এটা সময়ের দাবি।’

বখতিয়ারের প্রশংসা করে লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লেগেসিটা বোঝে। কাউকে কারও সাথে তুলনা করবেন না। বখতিয়ার যখন স্টেজে গাইবে, তখন তার ব্যক্তিগত যোগ্যতা ও গুণের জন্য তাকে ভালোবাসবেন, প্রশংসা করবেন। আমি দূরে থাকলেও সবসময় বখতিয়ারের সাথে ও আর্টসেলের সাথে আছি।’

অন্যদিকে বখতিয়ার বলেন, ‘আর্টসেল একটি লেগেসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই। আমার মিউজিক্যাল জার্নিতে আর্টসেল বড় আবেগের জায়গা। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

কেআই

বিজ্ঞাপন