অনস্ক্রিন রসায়ন কি তবে বাস্তবেও রূপ নিল? পাকিস্তানি বিনোদন ইন্ডাস্ট্রির হার্টথ্রব অভিনেতা আহাদ রেজা মির এবং হালের জনপ্রিয় অভিনেত্রী দানানির মোবিনকে ঘিরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি থাইল্যান্ডে এই জুটির ‘গোপন ছুটি’ কাটানোর একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। অনুরাগীদের একাংশ তো রীতিমতো গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
ঘটনার সূত্রপাত পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় গসিপ পেজ ‘সাহের স্কুপ’ -এর একটি পোস্টকে কেন্দ্র করে। পেজটি থেকে একটি ঝাপসা ছবি প্রকাশ করে দাবি করা হয়, আহাদ রেজা মির এবং দানানির মোবিনকে থাইল্যান্ডে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
প্রকাশিত ছবিটি খুব একটা স্পষ্ট না হলেও, ভক্তদের কৌতূহল উসকে দিতে তা-ই যথেষ্ট ছিল। ছবিতে দেখা যায়, একজন পুরুষ ও নারী একে অপরের বেশ কাছাকাছি বসে আছেন। আর এই ঝাপসা অবয়ব দেখেই নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছেন, ছবির এই জুটি আর কেউ নন স্বয়ং আহাদ ও মোবিন।

আহাদ রেজা মিরের জীবনে কো-স্টার বা সহ-অভিনেত্রীদের সঙ্গে প্রেমের গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। এর আগে ‘ইয়েকিন কা সাফার’ নাটকের তুমুল জনপ্রিয়তার পর অভিনেত্রী সাজাল আলির সঙ্গে তার বাস্তব জীবনের প্রেম ও বিয়ে হয়েছিল। যদিও পরবর্তী সময়ে সেই সংসার টেকেনি এবং তাদের বিচ্ছেদ ঘটে। ফলে নতুন কোনো সহ-অভিনেত্রীর সঙ্গে আহাদের ঘনিষ্ঠতা দেখলেই পুরোনো সমীকরণের হিসাব মেলাতে শুরু করেন ভক্তরা।
‘মিম সে মোহাব্বাত’ নাটকে আহাদ ও দানানিরের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। নাটকটি প্রচারের পর থেকেই দর্শকরা তাদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। এবার থাইল্যান্ডের এই রহস্যময় ছবি যেন সেই পালে আরও হাওয়া দিল। ‘মিষ্টি অনস্ক্রিন জুটি’র তকমা পেরিয়ে আলোচনা এখন রূপ নিয়েছে ‘তারা কি সত্যিই প্রেম করছেন?’- এমন প্রশ্নে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ও সম্পর্ক নিয়ে এত আলোচনা-সমালোচনা চললেও এখন পর্যন্ত আহাদ রেজা মির কিংবা দানানির মোবিন—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারকাদের এই রহস্যজনক নীরবতা যেন গুঞ্জনের আগুনকে আরও বাড়িয়ে দিচ্ছে।
এমআইকে
