বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে নরওয়ের সঙ্গে পরাজিত হয়ে ছিটকে পড়ল প্রভাবশালী দল ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়ন, ফুটবল জগতের এই পরাশক্তিকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ব্রাজিলের এই পরাজয়ে ভক্তদের যেমন মন খারাপ, তেমনি অন্য দলের সমর্থকরাও দিচ্ছেন সান্ত্বনা।
যেমন অভিনেতা তৌসিফ মাহবুবের প্রিয় দল জার্মানি, আর প্রিয় খেলোয়াড় লিওনেল মেসি। সে কারণে জার্মানির পাশাপাশি আর্জেন্টিনার প্রতি তার ভালোলাগা রয়েছে। ব্রাজিলের পরাজয়ে তিনি ভক্তদের সান্ত্বনা দিয়েছেন।
ভিডিও বার্তায় ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা বলেন, ‘ব্রাজিল হারলে যতটা খুশি হবো ভেবেছিলাম, ততটা হতে পারছি না। কেমন যেন আমারই খারাপ লাগছে, এবারের বিশ্বকাপে তার ব্রাজিলকে দেখব না। আসলে কিছু করার নেই। ভালো খেলেছে নাকি খারাপ, সেদিকে যাচ্ছি না। হয়তো ভাগ্যে ছিল না বলে ব্রাজিল থাকছে না। হালান্ড ইজ আ বিস্ট, গোল স্কোরিং মেশিন। সে গোলগুলো দিয়েছে, সেগুলো অসাধারণ।’
তৌসিফ জানান, তার পরিবার ও কাছের মানুষদের অনেকেই ব্রাজিলের সমর্থক। তাই দলটির উন্নতি প্রত্যাশা করেন তিনি। শুভকামনা জানিয়ে বলেন, ‘বেটার লাক নেক্সট টাইম।’
এদিকে ব্রাজিল সমর্থকদের ‘খোঁচা’ দিয়েই প্রতিক্রিয়া জানালেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি অবশ্য আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ শুরুর সময় থেকেই বেশ সক্রিয়। অভিনেতা বলেন, “ব্যাপারটা বুঝলে তো, হ্যাঁ? এটা বিশ্বকাপ। হুদাই কেবল পেছনে লেগে থাকলে হবে না। একটা টিম (ব্রাজিল) ২০০২ সাল থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে যেতে পেরেছে। আর তোমরা আছো আর্জেন্টিনার পেছনে! ‘আমাদের টিমের প্লেয়াররা অমুক ক্লাবে খেলে, তমুক ক্লাবে খেলে’, এসব বড়াই করে লাভ নেই। সারাক্ষণ পেনাল্টির পেছনে পড়ে থেকে লাভ নেই। বিশ্বকাপে কোন দলের র্যাঙ্ক কত, এসব হিসাব করে লাভ নেই। বিশ্বকাপের সব দলই অনেক শক্তিশালী, যেকোনো কিছুই ঘটতে পারে। নরওয়ে জাস্ট আউটপ্লে করে দিলো ব্রাজিলকে! সো, কাউকে এখানে ছোট করার কোনো অপশন নেই।”
এরপর নিজের প্রিয় দলের হয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘তোমরা (ব্রাজিল সমর্থক) পেছনে লেগে থাকায় এই আর্জেন্টিনা অনেক এগিয়ে গেছে। ২০১৪-তে ফাইনাল খেলেছে, ২০১৮-তে কোয়ার্টার ফাইনাল খেলেছে, ২০২২-এ চ্যাম্পিয়ন; ২০২৬-এ কী হয়, হয়েও যেতে পারে। নেক্সট টাইম আমাদের সঙ্গে কথা বলার সময় একটু সম্মান দিও, প্লিজ।’
কেআই
