বিজ্ঞাপন

নতুন গানে সাবিনা ইয়াসমিন

নতুন গানে সাবিনা ইয়াসমিন

বয়স ৭১। বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে। তবু গানটাই যে তার প্রাণ। তাই শারীরিক ও মানসিকভাবে ভালো অনুভব করলেই থাকেন গানে। তিনি সাবিনা ইয়াসমিন।

ফের কণ্ঠে তুললেন নতুন গান। শনিবার ঢাকার একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির। শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ, সুর-সংগীতে জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।

নতুন এ গান নিয়ে একটি ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরো ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরো গান হবে আমার।’

উল্লেখ্য, সমসাময়িকদের অনেককেই হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। তবে তার সুরেলা কণ্ঠ তো চিরসবুজ। তাই নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও গান করেন তিনি। প্রায়ই তার নতুন গানের খবর পাওয়া যায়।

কেআই