ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের পর্দা উঠবে ২ সেপ্টেম্বর। দশ দিনব্যাপী উৎসবটি চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আর এবারের উৎসবে ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ (আজীবন সম্মাননা) দেওয়া হবে হলিউডে দাপুটে অভিনেতা জর্জ ক্লুনিকে।
উৎসবের আয়োজক এক বিবৃতিতে জানিয়েছে, “অতীতের হলিউড তারকাদের জৌলুস, অসাধারণ পেশাদারিত্ব এবং আধুনিক সংবেদনশীলতার এক অনন্য উদাহরণ জর্জ ক্লুনি। বিরল বহুমুখী দক্ষতায় তিনি বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন; ‘থ্রি কিংস’, ‘সিরিয়ানা’র মতো যুদ্ধভিত্তিক ছবি, ‘মাইকেল ক্লেটন’-এর মতো থ্রিলার কিংবা ‘ওশানস ইলেভেন’’-এর মতো কমেডি ছবিতে মুগ্ধ করেছেন তিনি।”
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিটি চলচ্চিত্রেই তিনি নিজের অভিনয়ের ধরনকে গল্পের সঙ্গে মানিয়ে নিয়েছেন, অথচ নিজের স্বকীয়তা হারাননি। কখনও ব্যঙ্গাত্মক, কখনও বিষণ্ন, কখনও আকর্ষণীয় ও চিন্তাশীল, আবার কখনও উজ্জ্বল উপস্থিতির পাশাপাশি অপ্রত্যাশিত গভীরতাও তুলে ধরেছেন।’
অন্যদিকে সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে ক্লুনি বলেন, ‘ভেনিসে আমি অসংখ্য অসাধারণ মুহূর্ত কাটিয়েছি। নিঃসন্দেহে এটি আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র উৎসব। এখান থেকে গোল্ডেন লায়ন পাওয়া আমার জন্য বিরাট সম্মানের। সম্ভবত এর মানে হলো, আমি এখন বুড়ো হয়ে গেছি। তবু এই সম্মান আমি সানন্দে গ্রহণ করছি।’

বলা দরকার, পৃথিবীর বিরলতম তারকাদের একজন জর্জ ক্লুনি; যিনি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য—ছয়টি ভিন্ন বিভাগে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। তিনি ছাড়া কেবল দুজনের রয়েছে এ অর্জন।
ভেনিস উৎসবের পরিচালক আলবার্তো বারবারা বলেন, ‘অভিনেতা, পরিচালক ও প্রযোজক—এই তিন ভূমিকাতেই জর্জ ক্লুনি একজন পূর্ণাঙ্গ ও অসাধারণ ক্যারিশমাটিক শিল্পী। গভীর নিষ্ঠা ও মৌলিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি সমসাময়িক চলচ্চিত্রে অন্যতম উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছেন।’
কেআই
