বিজ্ঞাপন

ক্রিস্টোফার নোলানের সঙ্গে বাংলাদেশের রাকিব

ক্রিস্টোফার নোলানের সঙ্গে বাংলাদেশের রাকিব

হলিউডের জাদুকরী নির্মাতা ক্রিস্টোফার নোলানকে সামনাসামনি দেখা, তার সাথে আলাপ করা কিংবা একটি সেলফি তোলা যেকোনো চলচ্চিত্রপ্রেমীর জন্যই তা আজীবনের এক পরম প্রাপ্তি। আর সেই স্বপ্নটাই এবার সত্যি হলো দেশের জনপ্রিয় চলচ্চিত্র সমালোচক ও কনটেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব। 

বিশ্ববিখ্যাত এই পরিচালকের সঙ্গে নিজের অবিস্মরণীয় সাক্ষাতের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। নোলানের সাথে তোলা অটোগ্রাফ ও সেলফির ছবি পোস্ট করে রানা তার উচ্ছ্বাস প্রকাশ করেন। 

পোস্টে তিনি নিজের অনুভূতি ব্যক্ত করে লেখেন, ‘আমি আমার কিংবদন্তির সাথে দেখা করেছি। আমি স্যার ক্রিস্টোফার নোলানের সাথে দেখা করেছি, যখন উনি আমার কাছে আসছিলেন, তখন একজন বললেন, ‘স্যার, উনি আপনার সবচেয়ে বড় ভক্ত।’ নোলান তার সেই চিরচেনা, বিনয়ী হাসি দিয়ে বললেন, ‘ওহ, তুমিই তাহলে সেইজন’।’

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘সেই মুহূর্তটা যেন বিশ্বাসই হচ্ছিল না! এরপর একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেলফি তুললাম। অটোগ্রাফ নিলাম। সবশেষে উনি যখন উপরে চলে গেলেন, তখন আবার আমাকে দেখে আনন্দ প্রকাশ করে ইশারা করলেন। পুরো শরীর যেন শিহরিত হয়ে উঠেছিল।
সবকিছু এখনো স্বপ্ন মনে হচ্ছে! সারাজীবনের এক অবিস্মরণীয় স্মৃতি।’

রাকিবের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। সাধারণ অনুসারী থেকে শুরু করে দেশের বিনোদন অঙ্গনের অনেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন। নোলানের মতো একজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পাওয়া বাংলাদেশের একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য সত্যিই এক দারুণ অর্জন বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, কালজয়ী মহাকাব্য ‘ওডিসি’কে পর্দায় তুলে এনেছেন ক্রিস্টোফার নোলান। সোমবার (৬ জুলাই) রাতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। তাতে নির্মাতা-শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্টজন। এখানেই নোলানের সঙ্গে দেখা হয়েছে রানার।

এমআইকে