বিজ্ঞাপন

কতগুলো প্রেম ছিল, গুনে শেষ করতে পারব না : রাম কাপুর

কতগুলো প্রেম ছিল, গুনে শেষ করতে পারব না : রাম কাপুর

বলিউডে অন্যতম আদর্শ দম্পতি রাম কাপুর ও গৌতমী কাপুর। সম্প্রতি তারা পার করেছেন সুখী দাম্পত্যের ২০ বছর। তবে বিয়ের আগে কেমন ছিলেন রাম কাপুর? সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নতুন রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সজা’-র মঞ্চে প্রতিযোগী শ্রেয়া কালরার সঙ্গে আলাপচারিতায় নিজের অতীত জীবন নিয়ে এক বিস্ফোরক ও অকপট স্বীকারোক্তি দিয়েছেন এই অভিনেতা।

রাম কাপুর সোজাসুজি মেনে নিয়েছেন যে, বিয়ের আগে তিনি আক্ষরিক অর্থেই একজন ‘প্লেবয়’ ছিলেন এবং অসংখ্য নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। অভিনেতার এই অতীত দেখে স্বয়ং একতা কাপুরও ভয় পেয়ে গিয়েছিলেন। ‘লক আপ’-এর সাম্প্রতিক পর্বে কথোপকথনের সময় শ্রেয়া কালরা রাম কাপুরকে তার অতীতের প্রেম নিয়ে প্রশ্ন করেন।

শ্রেয়া জানতে চান অভিনেতার জীবনে কতগুলো প্রেম এসেছে। জবাবে রাম কাপুর স্বভাবসুলভ রসিকতায় প্রথমে বলেন, ‘বিয়ের পর একটাও নয়।’ এরপর শ্রেয়া যখন স্পষ্ট করেন যে তিনি বিয়ের আগের কথা বলছেন, তখন রাম কাপুর অকপটে জানান, ‘বিয়ের আগে আমি একজন পাক্কা প্লেবয় ছিলাম। আমার কতগুলো প্রেম ছিল, তা আমি নিজেও গুনে শেষ করতে পারব না।’

রামের এই ‘প্লেবয়’ ইমেজ হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেকেরই চেনা ছিল। তাই যখন রাম ও গৌতমীর বিয়ের খবর সামনে আসে, তখন রামের ঘনিষ্ঠ বন্ধু তথা বিখ্যাত প্রযোজক একতা কাপুর বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন।

সেই মজাদার ও সত্য ঘটনাটি শেয়ার করে রাম জানান, ‘যখন সবাই জানতে পারল যে আমি আর গৌতমী বিয়ে করছি, আমার বন্ধু একতা সঙ্গে সঙ্গে গৌতমীকে ফোন করে। ও বলে, ‘তুই সত্যিই ওকে বিয়ে করছিস? ও কিন্তু প্রচুর মেয়ের সাথে অ্যাফেয়ার করেছে, সাবধানে থাকিস!’ একতা গৌতমীর জন্য ভীষণ চিন্তিত ছিল। আর আমি মনে করি একতা বন্ধু হিসেবে সেদিন একদম ঠিক কাজটাই করেছিল, কারণ বিয়ের আগে আমি সত্যিই ওমনই ছিলাম।’

এমআইকে