টলিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। তবে রূপালি পর্দার এই দাপুটে অভিনেতাকে নিয়ে এবার এলো এক দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি হায়দরাবাদ থেকে বিমানে করে ফেরার পথে আচমকাই এক বিপত্তির মুখে পড়েন রাজেশ। মাঝআকাশে বিমানের ভেতর তার পায়ে একটি পোকা কামড়ায়। প্রাথমিকভাবে বিষয়টি সাধারণ মনে হলেও, পরবর্তীতে সেখান থেকেই পায়ে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন) ছড়িয়ে পড়ে।
জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের ছোট পর্দার তারকা সুদীপা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘অভিনেতার যেহেতু ডায়াবেটিস আছে, ফলত সেখান থেকে একটা ভয়ানক সংক্রমণ হয়ে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছে। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়।’
জানা গেছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে রাজেশের। রক্তে সুগার বেড়ে যাওয়ার পাশাপাশি শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। পরিস্থিতি বেগতিক দেখে কালবিলম্ব না করে তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে রাজেশ শর্মার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। তবে শরীরে নানাবিধ জটিলতা থাকায় এখনো চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। চিকিৎসকেরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এমআইকে
