বিজ্ঞাপন

১০০ বছর বয়সে এমিতে রেকর্ড, আরো যারা পেলেন মনোনয়ন

১০০ বছর বয়সে এমিতে রেকর্ড, আরো যারা পেলেন মনোনয়ন

এমিকে বলা হয় টেলিভিশন জগতের অস্কার। মর্যাদাপূর্ণ এ পুরস্কারের ৭৮তম আসর ঘনিয়ে আসছে। গতকাল প্রকাশ করা হয়েছে মনোনয়ন তালিকা। তাতে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।

এবার মনোনয়নে রেকর্ড গড়েছে কমেডি সিরিজ ‘হ্যাকস’। ২৪টি মনোনয়ন পেয়েছে এটি। এর আগে কোনো কমেডি সিরিজ এত মনোনয়ন পায়নি। এছাড়া এবার আউটস্ট্যান্ডিং ন্যারেটর বিভাগে মনোনয়ন পেয়েছেন কিংবদন্তি প্রকৃতিবিদ স্যার ডেভিড অ্যাটেনবরো। ১০০ বছর বয়সে মনোনয়ন পেয়ে তিনি এখন এমির ইতিহাসে সবচেয়ে প্রবীণ মনোনীত ব্যক্তি। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘আ গোরিলা স্টোরি : টোল্ড বাই ডেভিড অ্যাটেনবরো’র জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। বলা দরকার, এই বিভাগে অতীতে তিনবার এমি জিতেছেন ডেভিড।

এদিকে এবার মনোনয়নে সবার চেয়ে এগিয়ে মেডিকেল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এটি ২৫টি মনোনয়ন পেয়েছে। সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও শক্ত অবস্থান তৈরি করেছে সিরিজটি। এছাড়া নতুন সিরিজ ‘উইডোজ বে’ পেয়েছে ১৯টি, আর ‘প্লুরিবাস’ অর্জন করেছে ১৮টি মনোনয়ন।

এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর সঙ্গে আরো মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’। সেরা কমেডি সিরিজ বিভাগে ‘হ্যাকস’ ছাড়াও মনোনয়ন পেয়েছে ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ ও ‘উইডোজ বে’।

ড্রামা সিরিজে অভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছেন নোয়া ওয়াইল, স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। আর ড্রামা সিরিজে সেরা অভিনেত্রীর দৌড়ে আছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র‌্যামজি, ক্যারি কুন ও শ্যারন হরগান।

কমেডি সিরিজে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ইয়াহিয়া আবদুল, স্টিভ ক্যারেল, ম্যাথিউ রেইস, জেসন সেজেল ও মার্টিন শর্ট। অভিনেত্রীর দৌড়ে রয়েছেন কুইন্টা ব্রানসন, আয়ো এদেবিরি, এলে ফ্যানিং, লিসা কুদ্রো ও জন স্মার্ট।

লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ও ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। সঞ্চালনায় থাকবেন অভিনেত্রী মারিস্কা হারগিটে।

কেআই

বিজ্ঞাপন